শিশু ধর্ষণের বিচার চেয়ে ফুলপুরে মানববন্ধন
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় আট বছরের শিশুকে ধর্ষণ এবং শিশুটির পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার চেয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখা। গত রোববার উপজেলার তারাকান্দা থানার সামনে আয়োজিত এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে স্থানীয় বঙ্গবন্ধু কলেজ ও সারোয়ার মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং তারাকান্দা ব্র্যাকের কর্মীরা যোগ দেন।মানববন্ধনে মহিলা পরিষদের ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মনিরা বেগম অভিযোগ করেন, ঘটনার পর প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো ধর্ষককে গ্রেপ্তার করা হয়নি। উল্টো ধর্ষক ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ে শিশুটির পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।ধর্ষণের শিকার শিশুটির মা অভিযোগ করেন, ধর্ষক ও তাঁর সহযোগীরা মামলা তুলে না নিলে হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে। এ অবস্থায় তিনি মেয়েকে নিয়ে ময়মনসিংহ সদর উপজেলায় তাঁর বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। মেয়েটির বাবা বলেন, তাঁরা বাড়ি ফিরতে সাহস পাচ্ছেন না।এ ব্যাপারে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, তাঁরা ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা করছেন।প্রসঙ্গত, ৩ জুলাই রাতে আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হলে ৫ জুলাই তারাকান্দা থানায় মামলা করা হয়।