শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের একটি চা-বাগানে সাড়ে তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই ঘটনার পর একটি মহলের চাপে শিশুটির বাবা পুলিশের দারস্থ হতে ব্যর্থ হন। অবশেষে গত সোমবার তিনি মামলা করলে রাতেই পুলিশ ধর্ষণকারীকে গ্রেপ্তার করে।
চা-বাগান পঞ্চায়েত সভাপতি জানান, ২৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় বাগানের সনাতন বাউরীর ছেলে শ্যামলাল বাউরী সাড়ে তিন বছর বয়সী ওই শিশুটিকে ফুসলিয়ে নির্জন একটি স্থানে নিয়ে ধর্ষণ করে। চা-শ্রমিকেরা শিশুটিকে উদ্ধার করে শমশেরনগরের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
পঞ্চায়েত সভাপতি আরও জানান, ধর্ষণের ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ চা-শ্রমিকেরা মিলে শ্যামলালকে ধাওয়া করেন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ধর্ষণকারীকে নিজের জিম্মায় নিয়ে ছেলেটিকে ঘরে আটকে রাখতে সনাতন বাউরীকে নির্দেশ দেন। শিশুটির বাবা তখন মামলার উদ্যোগ নিলেও নানামুখী চাপে আর তা পারেননি। অবশেষে সোমবার তিনি কুলাউড়া থানায় মামলা করেন। রাতেই পুলিশ শ্যামলালকে গ্রেপ্তার করে।
তোফাজ্জল হোসেন জানান, তিনি নন। পঞ্চায়েত সভাপতিই যুবকটিকে নিজের জিম্মায় নিয়েছিলেন। শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।