শিশু ধর্ষণের শিকার, আটক ১
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে গত বুধবার রাত আটটার দিকে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন ধর্ষণের অভিযোগে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাতে চিকিৎসকের কাছে মায়ের সঙ্গে শিশুটিও স্বাস্থ্যকেন্দ্রে আসে। চিকিৎসক মাকে স্যালাইন দিয়ে নিজ কক্ষে গেলে চিকিৎসকের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন (২১) শিশুটিকে পাশের আরেকটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে জয়নালকে আটক করেন।
এ ঘটনার খবর পেয়ে উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মমতাজুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে থানার পুলিশে খবর দিলে রাতেই পুলিশের উপপরিদর্শক লিমন বোস ঘটনাস্থলে পৌঁছালে লোকজন জয়নাল আবেদীনকে পুলিশে সোপর্দ করেন। এ সময় ধর্ষণের শিকার শিশুটিকে পুলিশ উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় এবং আটক ব্যক্তির বিরুদ্ধে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।