শিশু নাট্যমের চার দিনের উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উদ্যোগে গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে গত শনিবার চার দিনের এ উৎসব শেষ হয়েছে।
নাট্যম ও আরএকে সিরামিকস ২৩তম বার্ষিক এ শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। ৭ মে শুরু হওয়া এই উৎসবে আরও ছিল কবিতা আবৃত্তি ও ছবি অঁাকা৷ সংগীত বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়৷ উৎসবের চতুর্থ ও সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবীর, বিশেষ অতিথি ছিলেন আব্দুল ওয়াহিদ খান, তরিকুল ইসলাম খানসহ আরও কয়েকজন। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মাসুকুল ইসলাম।
সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখায় এ উৎসবে ব্রাহ্মণবাড়িয়ার সাত কৃতী সন্তানকে সংবর্ধিত করা হয়। তাঁরা হলেন নাট্যজন আলী যাকের, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, ভাষাসৈনিক মুহম্মদ মুসা, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান চিকিৎসক আবু সাঈদ, মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী ফিরোজ আহমেদ, দৈনিক সংবাদ-এর জেলা প্রতিনিধি সাদেকুর রহমান, সাবেক শিক্ষক ও সমাজসেবক ফয়েজ উদ্দিন ভূঞা। সমাপনী দিনে ২০১৩ সালের উৎসবের চার কৃতী শিক্ষার্থীকে শ্রেষ্ঠ চিত্রশিল্পীর পুরস্কার দেওয়া হয়।