শিশু নাফিস হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে শিশু নাফিস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: নিহত শিশুর বড় বোনের দেবর মো. শফিক (২৬), তাঁর বন্ধু মো. খলিল (২৮) ও আলী হোসেন (৩৬)। শুক্রবার রাতে রুহিতপুর ইউনিয়নের মোগারচর এলাকা থেকে প্রথমে শফিককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতেই মো. খলিল ও আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্যমতে, ইয়াবা কেনার টাকা না পেয়ে শফিক, খলিল ও আলী হোসেন নাফিসকে অপহরণ করে। অপহরণকারীদের চিনে ফেলায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন জানান, নাফিসকে অপহরণের পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রতিবেশীদের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরে কললিস্টের সূত্র ধরে শফিককে গ্রেপ্তার ও মুক্তিপণ আদায়ের জন্য যে মুঠোফোনটি থেকে কথা বলা হয়, সেটিও তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়। ওসি মাইনউদ্দিন জানান, শফিকের স্বীকারোক্তি অনুযায়ী খলিল ও আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে সোনাকান্দা এলাকার কুয়েতপ্রবাসী আরব আলীর শিশুপুত্র নাফিস অপহূত হয়। দুই দিন পর সোনাকান্দার একটি রাস্তার পাশ থেকে নাফিসের লাশ উদ্ধার করে পুলিশ।