পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার শিশু, নারীসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গত ২০৮ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৭৩। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামে দুপুরে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের চাপায় পিষ্ট হয়ে সাহেব আলী (৬) নামে এক শিশু মারা যায়। সে ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরে ভোরে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে ব্যক্তিগত গাড়ি উল্টে হালিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। ওই নারীর বয়স নিশ্চিত করতে না পারলেও গাড়িতে তিনি তাঁর পুত্রবধূকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধর্মপুরসংলগ্ন মিরশ্বান্নী এলাকায় সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস উল্টে গেলে ঘটনাস্থলে মহিউদ্দিন রানা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হন। পেশায় ডিপ্লোমা প্রকৌশলী মহিউদ্দিন শরীয়তপুরের নড়িয়া উপজেলার বারইপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি রাজধানীর আদাবর এলাকায় থাকতেন।
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকায় সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় তোফায়েল হোসেন আল মাহমুদ (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ছিলেন। ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে বরিশাল যাওয়ার সময় মোটরসাইকেলটির সামনের চাকা ফেটে যায়। এতে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আকতারুল ইসলাম (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা। সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছের খাবার বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।