শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় খেলাঘরের উদ্বেগ
দেশব্যাপী শিশু অপহরণ, নির্যাতন ও হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম মহানগর খেলাঘর। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে এ উদ্বেগ জানানো হয়। এতে শিশুরাও অংশ নেয়।
খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে সাংবাদিক এম নাসিরুল হক, মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, গণজাগরণ মঞ্চের কর্মী শরীফ চৌহান, কবি আশীষ সেন ও খেলাঘর মহানগর শাখার সাধারণ সম্পাদক রূপক চৌধুরী বক্তৃতা করেন।
দেশে একের পর এক শিশু অপহরণ, গুম ও খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, শিশুরা অপরাধীদের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। আসলে সমাজে যে অবক্ষয় শুরু হয়েছে, শিশু অপহরণ ও হত্যার ঘটনা বেড়ে যাওয়া তারই প্রতিচ্ছবি। এ ধরনের নিষ্ঠুরতা থেকে শিশুদের নিরাপদ রাখতে হলে সমাজের অবক্ষয় দূর এবং অপরাধীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। নিশ্চিত করতে হবে শিশুদের নিরাপত্তাও।
বক্তারা আরও বলেন, অপরাধীরা দ্রুত ও সহজে অর্থ আয়ের মোক্ষম হাতিয়ার হিসেবে শিশু অপহরণ ও মুক্তিপণ আদায়ের পথ বেছে নিচ্ছে। এ ধরনের প্রবণতা সমাজের জন্য অশনিসংকেত। তাই অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীদের শাস্তি দ্রুততম সময়ের মধ্যে হলে শিশু অপহরণ, গুম ও খুনের ঘটনা কমে আসবে।