সংখ্যার দিক থেকে আগের বছরের তুলনায় ২০১৬ সালে শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা কিছুটা কমেছে। তবে নির্যাতনের ভয়বহতা বেড়েছে। পাশাপাশি সহিংসতার ধরনও বদলেছে।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (বিএসএএফ) শিশু অধিকার পরিস্থিতি-২০১৬ শীর্ষক প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। ১২টি জাতীয় দৈনিক সংবাদপত্রের প্রকাশিত খবরের ভিত্তিতে এটি তৈরি করেছে সংগঠনটি।
জাতীয় পর্যায়ে শিশুদের নিয়ে কাজ করে এমন ২৬৯টি বেসরকারি সংস্থার ফোরাম বিএসএএফ। তাদের হিসাব বলছে, ২০১৬ সালে ৩ হাজার ৫৮৯টি শিশু সহিংসতা ও নির্যাতনের শিকার হয়। এর মধ্যে ১ হাজার ৪৪১টি শিশুর মৃত্যু ঘটে। যৌন নির্যাতনের শিকার হয় ৬৮৬টি শিশু। ২০১৫ সালে সহিংসতা ও নির্যাতনের মোট ঘটনা ছিল ৫ হাজার ২১২টি।
এ বিষয়ে সংগঠনটির চেয়ারপারসন মো. এমরানুল হক চৌধূরী বলেন, শিশু নির্যাতনে ভয়াবহতা বাড়ছে। বিচারহীনতা ও বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার সংস্কৃতিই এর কারণ। প্রতিরোধে দরকার আইনের সুষ্ঠু প্রয়োগ ও সামাজিক সচেতনতা।
বিএসএএফের তথ্যমতে, শিক্ষাপ্রতিষ্ঠানে ২০১৬ সালে ২৬৩টি শিশু শিক্ষকদের হাতে নির্যাতিত হয়; যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। এ ছাড়া ১০৬টি শিশুকে পেটানো হয়।
তবে মা-বাবার হাতে শিশু হত্যার ঘটনার খবরও আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রতি মাসে মা-বাবার হাতে গড়ে খুন হয় অন্তত ৫টি শিশু। ২০১৬ সালে এ ধরনের হত্যার সংখ্যা ৬৪। ২০১৫ সালে তা ছিল ৪০।
অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, মা-বাবা ও শিক্ষকদের হাতে নিপীড়নের ঘটনা হচ্ছে সামাজিক অস্থিরতার ফলাফল। শিশুদের সুরক্ষায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে। এ সময় শিশুদের জন্য স্বতন্ত্র শিশু কমিশন গঠনের কথাও বলেন তিনি।