শিশু নির্যাতন ঠেকাবে ১০৯৮ নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর যেকোনো বিপদে সহায়তা চাওয়া যাবে ‘১০৯৮’ নম্বরে। এই নম্বরে ফোন করে শিশু নির্যাতন বা সহিংসতার বিরুদ্ধে যে কেউ সহায়তা চাইতে পারবে। নির্যাতিত, বিপদগ্রস্ত শিশু নিজে বা তাঁর হয়ে অন্য কোনো ব্যক্তি এই নম্বরে ফোন করতে পারবেন। ফোন পাওয়ার পর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে শিশুটিকে সহায়তা দেওয়া হবে।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে শিশু হেলপলাইন (১০৯৮) পরিচিতিমূলক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম ও ইউনিসেফ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন।
অনুষ্ঠানে বক্তারা জানান, ইউনিসেফের সহযোগিতায় সমাজসেবা অধিদপ্তর ২০০৯ সালে শিশুদের সহায়তায় চাইল্ড সেনসেটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) কর্মসূচির আওতায় ‘১০৯৮’ হেলপলাইন চালু করে। এ কর্মসূচি সারা দেশে বিস্তৃত করা হচ্ছে। চট্টগ্রাম বিভাগের ঝুঁকিতে থাকা শিশুরাও হেলপলাইনে ফোন করে সেবা পেতে পারে।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন এ কর্মসূচিকে সফল করার জন্য মাঠকর্মীদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, শিশুর হেলপলাইন কর্মসূচি সম্পর্কে সবাইকে অবহিত করতে গণমাধ্যমের সহায়তার প্রয়োজন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও এ বিষয়ে প্রচারণা চালানো হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক বন্দনা দাশ। শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিসেফ শিশুসুরক্ষা শাখার চাইল্ড প্রটেকশন বিশেষজ্ঞ জামিলা আকতার, চট্টগ্রাম জোন কার্যালয়ের চাইল্ড প্রটেকশন কর্মকর্তা সায়লা পারভীন। অনুষ্ঠানে কক্সবাজার, তিন পাবর্ত্য জেলার সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, সমাজসেবা কর্মকর্তাসহ বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।