শিশু নির্যাতন বন্ধে আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশে প্রতিদিন শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের বাস্তবায়ন এবং অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে।
গতকাল রোববার বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে ‘সহিংসতা থেকে শিশুদের রক্ষার জন্য সামাজিক উদ্যোগ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এফপিএবির তিন বছর মেয়াদি এই প্রকল্পের অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান বলেন, শৈশবে নির্যাতিত হলে সেই স্মৃতি পূর্ণ বয়সেও তাড়া করে। শুধু আইন করে শিশু নির্যাতন বন্ধ করা যাবে না। সমাজের সবার মানসিকতায় পরিবর্তন আনতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পারিবারিক কলহের জেরে অনেক শিশু নির্যাতনের শিকার হচ্ছে। ধর্ষণ, হত্যা, বাল্যবিবাহ, শিশু পাচার ঘটছে পুরো বাংলাদেশে। তাই এমন প্রকল্প শুধু তিনটি মহানগরে পরিচালনা করলে হবে না, সারা দেশে ছড়িয়ে দিতে হবে।
এফপিএবির সভাপতি অধ্যাপক খালেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ এস এম মোস্তফা রশিদি, বাংলাদেশে ইইউর অর্থনৈতিক সহযোগিতা শাখার প্রধান অ্যানা লিক্সি, ওয়াহিদা বানু প্রমুখ।