শিশু নির্যাতন বন্ধের দাবিতে রাস্তায় শিশু চিকিৎসকেরা
সারা দেশে গত কয়েক দিন ধরে শিশু নির্যাতনের খবর গণমাধ্যমে আসছে। নির্যাতনের শিকার শিশুদের মৃত্যুর ঘটনাও ঘটেছে। শিশু নির্যাতন বন্ধের দাবি নিয়ে এবার রাস্তায় নামলেন দেশের প্রথিতযশা শিশু চিকিৎসকেরা।
আজ সোমবার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তাঁরা শিশুদের ওপর সব ধরনের নির্যাতন বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বাংলাদেশে শিশু চিকিৎসার পথিকৃৎ এম আর খান বলেন, ‘শিশুদের ওপর নির্যাতন বন্ধ করুন। মানুষের মধ্য থেকে মনুষ্যত্ব বিলীন হয়ে যাচ্ছে। বিকৃত মেধার মানুষ শিশুদের ওপর বর্বর হামলা করছে। আমরা চাই এই নির্যাতন বন্ধ হোক।’
দেশের শীর্ষ পুষ্টিবিদ ও চিকিৎসক এম কিউ কে তালুকদার বলেন, ‘চল্লিশ বছর ধরে শিশুদের চিকিৎসা করি। কোনো দিন আমরা কেউ মানববন্ধন করিনি। আমরা শিশুদের ভালোমন্দ দেখি। ওদের কষ্ট আর সহ্য করতে পারছি না।’
শিশুকে নির্যাতনকারীর বিচার নিশ্চিত করতে সংবাদমাধ্যমকে প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন বারডেমের মহাপরিচালক নাজমুন্নাহার। তিনি বলেন, ‘নির্যাতনের খবর ছাপা হচ্ছে। কিন্তু ফলোআপ হচ্ছে না। বিচার হলো কি-না সেটাও নিয়মিত খোঁজখবর করা দরকার।’
সমিতির সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহ উপাচার্য ও নবজাতক বিশেষজ্ঞ মো. সহিদুল্লা বলেন, প্রতিটি শিশুকে সুরক্ষা দিতে হবে। নির্যাতনের বিচার নিশ্চিতে সরকারকে উদ্যোগী হতে হবে।
শিশু নির্যাতন রোধের সব কর্মসূচির সঙ্গে চিকিৎসকেরা একাত্মতা ঘোষণা করেন।