শিশু নির্যাতন বাড়ছে

বাংলাদেশে শিশু নির্যাতনের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০১৪ সালের প্রথম ৬ মাসে ধর্ষণের শিকার হওয়া শিশুর সংখ্যা ছিল ৬২। চলতি বছরের প্রথম ৬ মাসে তা ২৩০-এ দাঁড়িয়েছে। গত বছর প্রথম ৬ মাসে আত্মহত্যা করেছিল ৫৫ জন শিশু। এ বছর উল্লিখিত সময়ে আত্মহত্যা করেছে ১২৬ জন। গত বছর একই সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর সংখ্যা ছিল ১৩৬। চলতি বছরের প্রথম ৬ মাসে নিহত হয়েছে ২৮১ জন।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্টেট অব চাইল্ড রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম অনুষ্ঠানটি আয়োজন করে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রথম আলোসহ ১০টি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর বিশ্লেষণ করে ও শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের পূর্ণকালীন সদস্য কাজী রিয়াজুল হক বলেন, ‘শিশু নির্যাতনের যে চিত্র আমরা চারপাশে দেখতে পাই তার সামগ্রিক কোনো উন্নতি নেই। দুই-একটি ক্ষেত্র বাদে নিপীড়ন, নির্যাতন ও খুনের ঘটনা অনেক বেড়েছে। শিশুদের অধিকার সুরক্ষায় যত আইন আছে সেগুলো যদি প্রয়োগ করা যায় তাহলে ইতিবাচক কিছু দেখা যাবে।’
মানবাধিকারকর্মী ব্যারিস্টার সারা হোসেনের মতে, প্রতিবেদনটি তৈরিতে পুলিশ ও আদালতের কাছ থেকেও তথ্য নেওয়া প্রয়োজন ছিল। তিনি বলেন, শিশু অধিকারের ব্যাপারে আইনে যতটুকু আছে, তার কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটা দেখতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ও শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এমরানুল হক চৌধুরী বলেন, ‘ধর্ষণের জন্য একটি মৃত্যুদণ্ডও আমরা দেখিনি। এটি হলে এই প্রবণতা হয়তো কমত।’ তেরে দাস হোমস নেদারল্যান্ডসের কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবির আলোকিত ভবিষ্যৎ নির্মাণে শিশুদের প্রতি সামাজিক দায়বদ্ধতা শক্তিশালী করার ওপর জোর দেন।