শিশু নির্যাতন বাড়ায় উদ্বেগ
বেশ কিছু দিন ধরে গণমাধ্যমে শিশু নির্যাতন ও হত্যাকাণ্ডের নানা মর্মান্তিক চিত্র প্রকাশ পাচ্ছে। সিলেটের রাজন হত্যার রেশ কাটতে না কাটতেই খুলনায় রাকিব নামের ১৩ বছর বয়সী শিশু নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
এ ধরনের ঘটনায় শিশু অধিকার নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের মোর্চা-চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ উদ্বেগ এবং তীব্র নিন্দা প্রকাশ করেছে। মোর্চার এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়েছে।
আজ মঙ্গলবার মোর্চার পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে সই করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
বিবৃতিতে রাকিবের মর্মান্তিক মৃত্যুর ঘটনা উল্লেখ করে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত খবর সমাজে শিশুদের সার্বিক চিত্রটাই তুলে ধরছে। স্থানীয় জনগণ অধিকাংশ ঘটনায় জড়িতদের পুলিশের হাতে তুলে দিচ্ছে যা ইতিবাচক। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসব ঘটনা প্রতিহত করতে ত্বরিত হস্তক্ষেপ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
বিবৃতিতে সরকারকে অতি দ্রুত বিভিন্ন ঘটনার প্রকৃতি ও পুনরাবৃত্তিকে বিবেচনায় রেখে বিদ্যমান সুরক্ষা ব্যবস্থাগুলোকে পর্যালোচনা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, খুলনায় পৈশাচিক নির্যাতনের জেরে রাকিব (১৩) নামের এক শিশু মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার মলদ্বার দিয়ে কমপ্রেশার মেশিনের মাধ্যমে বাতাস ঢোকালে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পুলিশ ও এলাকাবাসীর তথ্যমতে, গতকাল সোমবার বিকেলে নগরের টুটপাড়ার একটি মোটর গ্যারেজে নির্যাতনের এই ঘটনা ঘটে।