শিশু নির্যাতন রোধে মানবিক বোধগুলোকে সুদৃঢ় করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু নির্যাতন নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় বিশিষ্টজনেরা বলেছেন, শিশুদের ওপর নির্যাতন এড়াতে সামাজিক বন্ধনগুলো সুদৃঢ় করতে হবে। পাশাপাশি মানবিক বোধগুলোকে সুদৃঢ় এবং আইনের কঠোর প্রয়োগও নিশ্চিত করতে হবে।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘শিশু নির্যাতন ও হত্যা থেকে উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সময় উন্নয়ন সোসাইটি নামে একটি সংগঠন এর আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, আমাদের সমাজ ধর্মনির্ভর নৈতিকতা থেকে ব্রিটেনের সমাজের মতো নৈতিকতার দিকে যাচ্ছে। এ অবস্থায় আগের নৈতিকতার অনুশীলন যেমন থাকে না, নতুনটিও পুরোপুরি অর্জন করা হয় না। তাই যত দ্রুত সম্ভব নতুন ধরনের নৈতিকতার অনুশীলন রপ্ত করে নিতে হবে। এ জন্য কর্মনির্ভর সংগঠন গড়ে তুলতে হবে। তিনি এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের পাশাপাশি সাংবাদিকদেরও ভূমিকা রাখার কথা বলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবৈতনিক উপদেষ্টা ডা. সামন্ত লাল সেন বলেন, সমাজের কোনো ঘটনাই বিচ্ছিন্ন নয়। সমাজে বিদ্যমান নানা ধরনের অস্থিরতা, মাদকাসক্ততা এ ধরনের ঘটনার জন্য দায়ী। তিনি শিশু নির্যাতন রোধে সরকারের কাছে আইনের প্রয়োগ এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির আবেদন জানান।
লোকজন এখন আর অন্যের বিপদে এগিয়ে আসে না, এমন মন্তব্য করে মানসের সভাপতি অধ্যাপক অরূপ রতন চৌধুরী সামাজিক বন্ধনগুলো সুদৃঢ় করার ওপর জোর দেন। তিনি স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে মানবিক মূল্যবোধ শিক্ষা দেওয়ার কথাও বলেন।
সময় উন্নয়ন সোসাইটির সভাপতি টি এইচ এম জাহাঙ্গীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সিনিয়র সচিব সি কিউ কে মুসতাক আহমদ।