শিশু নির্যাতনকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের সর্বস্তরে সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ ও বাসযোগ্য স্বদেশ গড়ে তোলার দাবি জানিয়েছে খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি। একই সঙ্গে শিশু নির্যাতনকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।
গতকাল শুক্রবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করেন খেলাঘরের সংগঠকেরা। এতে ঘোষণাপত্র পাঠ করেন খেলাঘরের শিশু সংগঠক শাজনীন তাসনিম।
মানববন্ধনে খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, সারা দেশে শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। যদি নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না যায়, তাহলে এ ধরনের ঘটনা রোধ করা যাবে না।
মানববন্ধনে খেলাঘরের সংগঠকেরা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ভয়াবহ সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আতঙ্কে আছে শিশুরাও। প্রতিদিন গণমাধ্যমে শিশু নির্যাতনের খবর আসছে। শিশু নির্যাতনের এই বীভৎস রূপ কেউ আর দেখতে চায় না।
খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাংগঠনিক সম্পাদক ইউসুফ সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক বেণু কুমার দে, কবি আশীষ সেন, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, অধ্যাপক কফিল উদ্দিন চৌধুরী, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি প্রবাল দে এবং প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান।