শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
শিশু নির্যাতন বন্ধ এবং শিশু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ‘শিশু সুরক্ষা নেটওয়ার্ক’ চট্টগ্রাম। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, একের পর এক শিশুকে নির্যাতন ও হত্যার ঘটনায় শিশু ও অভিভাবকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহর লাল হাজারী, শিশু সুরক্ষা নেটওয়াকের্র সদস্যসচিব উৎপল বড়ুয়া, বেসরকারি সংগঠন মমতার প্রধান নির্বাহী রফিক আহম্মেদ, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা প্রমুখ।
শিশুহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বেসরকারি সংগঠন অপরাজেয় বাংলাদেশ, ব্রাইট বাংলাদেশ ফোরাম, ইলমা, মমতা, ঘাসফুল, ইপসা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পার্ক, যুগান্তর, মাইশ্যা, বিটার প্রতিনিধিরা অংশ নেন।