শিশু নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি
শিশু হত্যা ও নির্যাতনের ঘটনা বন্ধ হচ্ছে না। অনেক সময় আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। আগামী প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে শিশুদের ওপর সব ধরনের নির্যাতন বন্ধ এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
শিশু নির্যাতনের প্রতিবাদে ও শিশু সুরক্ষা নিশ্চিতের দাবিতে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নারগিস সুলতানা। সভাপতিত্ব করে এনসিটিএফ চট্টগ্রাম জেলার সভাপতি শাহরিয়ার তামিম।
সমাবেশে বক্তারা সম্প্রতি চুয়াডাঙ্গায় অপহৃত কিশোর সোহানের লাশ উদ্ধারের ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, ডিবি পুলিশ পরিচয়ে সোহানকে অপহরণ করা হয়। এর ১১ দিন পর তার লাশ পাওয়া যায়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকায় আরেক পুলিশ সদস্য এক শিশুর ওপর নির্মম নির্যাতন করেছে। অথচ প্রশাসন এসব ঘটনার তদন্ত ও বিচারে কালক্ষেপণ করছে বলে বক্তারা অভিযোগ করেন।
সমাবেশে বক্তব্য দেন তাওসিফ হুনাইন, চৈতি বিশ্বাস, সাইয়েদ খান, ফরিদা চৌধুরী, হামিদ হোসাইন প্রমুখ। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়।