
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশু নির্যাতন একটি মানবতাবিরোধী অপরাধ। এমন অপরাধে জড়িত কেউই রেহাই পাবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে গতকাল রোববার এসব কথা বলেন তিনি। বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। খবর বাসস ও ইউএনবির।
শেখ রাসেলের ৫১তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিশু রাসেলের ভাগ্য যেন আর কারও বরণ করতে না হয় এবং এমন ভয়ংকর নিষ্ঠুরতার মুখোমুখি হতে না হয়। তিনি বলেন, ‘আমি আমার ছোট ভাই রাসেলকে শিশু বয়সে হারিয়েছি। এ জন্য আমি সকল শিশুর নিরাপদ জীবন কামনা করি এবং আমি চাই তারা যথাযথভাবে বেড়ে উঠুক।’
শিশু নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা শিশু নির্যাতন ও হত্যায় জড়িত, সেসব অপরাধীদের ইনশা আল্লাহ্ আমরা বিচার করব।...তাদের কেউই রেহাই পাবে না।’ তিনি আরও বলেন, ‘আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি, যাতে করে কেউ এ ধরনের মানবতাবিরোধী অপরাধ ঘটাতে না পারে। যারাই এমন অপরাধ করবে, তাদেরই আমরা বিচারের মুখোমুখি করব।’

অনুষ্ঠানে শিশু রাসেলের স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, ‘তার দেহ বুলেটে ঝাঁঝরা করে দেওয়ার মাধ্যমে খুনিরা তাদের নীতিভ্রষ্টতা ও নিষ্ঠুরতা তুলে ধরেছে। এখন আমি শিশুদের মুখে রাসেলকে খুঁজে ফিরছি এবং ভাবছি, বেঁচে থাকলে রাসেল এখন দেখতে কেমন হতো।’ তিনি বলেন, ‘ঐতিহাসিক ৬-দফা দাবি ঘোষণার দেড় বছর আগে আমাদের উজ্জ্বল করে রাসেলের জন্ম হয়। তার জন্মের পর বেশির ভাগ সময় আমার বাবা জেলে ছিলেন। স্বাধীনতার পরেই কেবল রাসেল আমার বাবার আদর পায়।’ শেখ হাসিনা বলেন, ‘বাবার সঙ্গে দেখা করতে জেলখানায় যাওয়ার সময় আমরা রাসেলকে সঙ্গে নিয়ে যেতাম। রাসেল এ পরিস্থিতি বুঝত না, তখনো ও কথা বলা শেখেনি।’ তিনি বলেন, ‘রাসেল বুঝত, জেলখানা হচ্ছে আমার বাবার বাড়ি।’
অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রকিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। সংগঠনের উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী বক্তব্য দেন।
বিভিন্ন আয়োজন: সকাল আটটায় বনানী কবরস্থানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের নেতৃত্বে শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহত সব শহীদের কবরে ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ, শেখ রাসেল স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন।
গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।