শিশু নির্যাতনের বিরুদ্ধে গড়তে হবে সামাজিক প্রতিরোধ
শিশু নির্যাতন রুখতে এবং তাদের অধিকার বাস্তবায়নে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। তাঁরা শিশুর সুরক্ষায় আইনের যথাযথ প্রয়োগ, সামাজিক সচেতনতা ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার শিশু একাডেমীর সভাকক্ষে অনুষ্ঠিত শিশুর প্রতি চলমান সহিংসতা প্রতিরোধে করণীয় নির্ধারণে জাতীয় পর্যায়ের মতবিনিময় সভায় বিশিষ্টজনরা এই আহ্বান জানান।
শিশু একাডেমী আয়োজিত অনুষ্ঠানে একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্ব করেন।
আলোচনায় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, শিশুদের ও যে অধিকার আছে তা পরিবার মানতে চায় না। পরিবারের সদস্যেরা মনে করেন শিশুর ওপর সম্পূর্ণ অধিকার তাঁদের। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে শিশুদের অধিকার সম্পর্কে ব্যাপক প্রচার চালানোর বিষয়ে গুরুত্ব দেন তিনি।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘শিশুর সুরক্ষা নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের প্রথম দায়িত্ব। আইন না মেনে আমরা কিশোর আদালতে শিশুদের হাতকড়া পড়িয়ে হাজির করছি। দায় মুক্তির যে অপসংস্কৃতি দেশে চলছে তা থেকে মুক্ত করতে হবে। শিশু সুরক্ষা নিশ্চিত করতে হলে শিশুর পিঠে স্কুল ব্যাগের বোঝাও কমাতে হবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ‘শিশুর সার্বিক বিকাশের কথা আমরা বলছি ঠিকই, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। আইনের শাসন বাস্তবায়ন না হলে নির্যাতন মুক্ত সমাজ গড়া সম্ভব নয়। শিশু নির্যাতন মুক্ত সমাজ গড়তে জনপ্রতিনিধিদেরও অঙ্গীকার থাকতে হবে।’
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন, সাংসদ কাজী রোজী, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল, অধ্যাপক মাহফুজা খানম, শিল্পী হাশেম খান, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী প্রমুখ আলোচনায় অংশ নেন।