শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য চট্টগ্রামে কনসার্ট
শিশু নির্যাতনের বিরুদ্ধে গণসচেতনতা তৈরির জন্য গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় ও দেশ টিভি যৌথভাবে এ কনসার্টের আয়োজন করে।
কনসার্ট অনুষ্ঠানে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিয়াছ হোসেন, দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু নির্যাতনের বিরুদ্ধে দেশব্যাপী সচেতনতা সৃষ্টি করতে হবে। শিশুদের ওপর সহিংসতা পরিহার করতে হবে। সবাইকে স্বতঃপ্রণোদিত হয়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে।
কনসার্টে গান পরিবেশন করেন সাংসদ মমতাজ, হায়দার হোসেন, পিংকি। এ ছাড়া ছিল ব্যান্ড দল ফিডব্যাক ও নেমেসিসের পরিবেশনা।
অনুষ্ঠানে সার্বিক সহায়তা করে চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।