শিশু নিহত
সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের পারুলিয়া গরুর হাট এলাকায় গত বুধবার সন্ধ্যায় ট্রাকের চাপায় শারমিন (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সে দেবহাটা উপজেলার কুলিয়ার মোহাম্মদ ইব্রাহিম হোসেনের মেয়ে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শারমিন তার খালা কোহিনুর বেগমের সঙ্গে পারুলিয়ায় এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। পারুলিয়া গরুর হাট এলাকায় নেমে তার খালা ইঞ্জিনচালিত ভ্যানের ভাড়া পরিশোধ করছিলেন। এ সময় শারমিন হঠাৎ করে সড়কে চলে যায়। মুহূর্তেই কালীগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
বিক্ষোভ সমাবেশ
নড়াইলে ইজিবাইক ও ইজিভ্যান চালক সমিতি গতকাল বৃহস্পতিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শহরের পুরোনো বাস টার্মিনাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আদালত সড়কে গিয়ে সমাবেশ করে। মো. লায়েব হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম, ইজিবাইক মালিক সমিতির মো. তরিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে বলা হয়, নড়াইলের বিভিন্ন সড়কে সন্ত্রাসীরা রাস্তা অবরোধ করে ইজিবাইক চালকদের মারপিট ও চাঁদা আদায় করছে। এ ঘটনায় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপিও দেওয়া হয়।
নড়াইল প্রতিনিধি