শিশু নিহাল হত্যায় মা রিমান্ডে
রাজধানীর উত্তরখানে দেড় বছরের শিশু নিহাল সাদিক হত্যা মামলায় গ্রেপ্তার তাঁর মা ফাহমিদা মীর মুক্তির (৩৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অাদালত। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন।
এর আগে গত ২৯ এপ্রিল ফাহমিদাকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। সেদিন মামলার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আজ রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। আজ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৮ এপ্রিল উত্তরখানে আসামির ভাড়া বাসা থেকে শিশু নিহালের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা সৈয়দ সাজ্জাদ হোসেন মুরাদ বাদী হয়ে হত্যা মামলা করেন।
ফাহমিদাকে রিমান্ডে নেওয়ার আবেদনে পুলিশ উল্লেখ করেছে, দেড় বছরের শিশু নিহাল সাদিককে ধারালো ছুরি বা ব্লেড দিয়ে কেটে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে আসামি ফাহমিদাও ধারালো ব্লেড বা ছুরি দিয়ে নিজের গলার বাঁ পাশে পোঁচ মেরে আত্মহত্যার চেষ্টা করেছেন। আত্মহত্যার চেষ্টার দায়ে তাঁর বিরুদ্ধে উত্তরখান থানায় আরেকটি মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার করেছেন। তবে নিহাল হত্যা এবং নিজে আত্মহত্যার চেষ্টার বিষয়ে বিস্তারিত জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রেজাউল করিম মামলাটি তদন্ত করছেন।