
চিৎকার দিয়ে কান্নাকাটি করছেন আর বারবার মাটিতে আছড়ে পড়ছেন রোজিনা খাতুন। কোনোভাবেই তাঁর কান্না থামাতে পারছেন না প্রতিবেশীরা। বুকে জড়িয়ে রেখেছেন তিন মাসের শিশু আফরোজাকে। রোজিনার প্রশ্ন: এই শিশুটিকে কেন এতিম করা হলো? তার বাবা রফিকুল ইসলাম কখনো চোরাকারবারি ছিলেন না। তারপরও কেন তাঁকে গুলি করে মারা হলো?
রোজিনা খাতুনের দাবি, স্বামী রফিকুলই ছিলেন তাঁদের হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। নিজেদের কোনো জায়গাজমি নেই। শ্বশুরের দেওয়া মাত্র দুই শতক জমির ওপর চাটাই দিয়ে ঘেরা টিনের চালার নিচে তাঁরা বসবাস করেন। রাজমিস্ত্রির কাজের পাশাপাশি শ্বশুর আবদুল মালেকের চায়ের দোকানে সহযোগিতা করে সংসার চালাতেন রফিকুল ইসলাম। এখন স্বামীর মৃত্যুতে তাঁর আর কোলের এই শিশুটির কী হবে?
গত শনিবার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের চা-বিক্রেতা রফিকুল ইসলামকে (৩০) সীমান্তের জলুলী ক্যাম্পের বিজিবির সদস্যরা গুলি করে হত্যা করেন। এ সময় একই গ্রামের ফিরোজ আহম্মদ (৩৮), বাবুল আক্তার (৩৫) ও আতিকুর রহমান (২৮) আহত হন। তাঁদের মধ্যে বুকে গুলিবিদ্ধ ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল রোববার মাটিলা গ্রামে গিয়ে দেখা যায়, লোকজন স্বাভাবিক চলাফেরা করছেন না। তাঁদের মধ্যে অজানা আতঙ্ক রয়েছে। শনিবার যে চায়ের দোকানে কাজ করা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে রফিকুল ইসলাম মারা যান, গতকাল সেই দোকানকে ঘিরে মানুষ আর মানুষ। দোকানের সামনে পড়ে থাকা চাক চাক রক্ত দেখছেন সবাই। তবে কোনো দোকান খোলা নেই। মাটিলা গ্রামের বাসিন্দা প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, শনিবার সকালে একটি গরু পারাপার নিয়ে গোলমালে বিকেলে বটতলায় জটলা করে থাকা লোকজনকে বিজিবি এলোপাতাড়ি মারধর করে। গ্রামের মানুষ এ ঘটনার প্রতিবাদ জানাতে সন্ধ্যায় একত্র হয়। একত্র হওয়া মানুষের মধ্য থেকে দু-একজন চিৎকার দিয়ে কথা বলেন। আর তখনই বিজিবির সদস্যরা জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তিনি বলেন, ঘটনাটি মুখের কথায় শান্ত হওয়া সম্ভব ছিল, সেটা বন্দুক দিয়ে শান্ত করার চেষ্টা করেছে বিজিবি।
নিহত রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায় পরিবারের সবাই নির্বাক। স্ত্রী রোজিনা আর একমাত্র শিশুকন্যা আফরোজার কী হবে—এই ভাবনা পরিবারের অন্যদের। রফিকুল ইসলামের বাবা আবদুল মালেক জানান, তিন বছর হলো ছেলেকে বিয়ে দিয়েছেন। তিন মাস হলো তাঁদের একটি মেয়ে হয়েছে। এখন মা-মেয়েকে কী বলে সান্ত্বনা দেবেন তিনি। তিনি আরও জানান, প্রতিদিন সন্ধ্যার পরই তাঁদের দোকান বন্ধ করতে হয়। ছেলে রফিকুল রাজমিস্ত্রির কাজ শেষে যান দোকানে। কিছু সময় থেকে দোকান বন্ধ করে একসঙ্গে বাড়ি ফেরেন। শনিবারও গ্রামের লোকজন যখন ওই স্থানে একত্র হন, তখন তাঁরা বাবা-ছেলে দোকান বন্ধ করছিলেন। হঠাৎ চিৎকার শুরু হলে বিজিবি লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তাঁর ছেলের বুকে লাগে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে তিনি মারা যান। তিনি পুত্র হত্যার বিচারের দাবি করেছেন। স্ত্রী রোজিনাও স্বামী হত্যার বিচার চেয়েছেন।
বিজিবির ২৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, বর্তমানে এলাকা শান্ত রয়েছে। তিনি দাবি করেন, সীমান্তের জলুলী বিজিবি ক্যাম্পের টহল সদস্যদের ওপর গ্রামবাসীর হামলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। রাত আটটার পর বের হতে নিষেধ সম্পর্কে তিনি জানান, চোরাচালান রোধে ও এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে শুধু দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে। তবে লোকজন চলাচল করেন। তিনি আরও বলেন, অবৈধ পারাপার, চোরাচালানের পণ্য বহন, সরকারি কাজে বাধা প্রদান ও বিজিবির সদস্যদের আহত করার প্রতিবাদে বিজিবির পক্ষ থেকে মামলা করা হবে। কতজনকে আসামি করা হবে—প্রশ্ন করলে তিনি এই মুহূর্তে বলা যাচ্ছে না বলে জানান।