শিশু নুসরাতকে বাঁচাতে আলোকচিত্র প্রদর্শনী
হৃৎপিণ্ডে ছিদ্র নিয়েই পৃথিবীর মুখ দেখেছিল নুসরাত। এখন তার বয়স তিন বছর। ছোট্ট নুসরাতকে বাঁচাতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য নেই নুসরাতের পরিবারের। শিশুটির সাহায্যে এগিয়ে এসেছে চট্টগ্রামের আলোকচিত্রীদের সংগঠন ‘চট্টগ্রাম ফটো আর্টিস্ট ক্লাব’। কাল সোমবার থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্র বিক্রির টাকা ব্যয় হবে নুসরাতের চিকিৎসায়।
গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম ফটো আর্টিস্ট ক্লাব। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আর্টিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মো. ঈসা খান। এ সময় নুসরাতের মা-বাবাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নুসরাতের অস্ত্রোপচারের জন্য ১০-১৫ লাখ টাকার প্রয়োজন। নুসরাতের বাবা নজরুল ইসলাম নগরের একটি হার্ডওয়্যারের দোকানে স্বল্প বেতনে চাকরি করেন। স্বল্প আয়ের কারণে তিন কন্যার ভরণপোষণসহ পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হয় তাঁকে। এ অবস্থায় নুসরাতকে বাঁচাতে সবার সহযোগিতার প্রয়োজন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের প্রথম সারির প্রায় তিন শ আলোকচিত্রীর তোলা ছবি স্থান পাবে প্রদর্শনীতে। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রদর্শনী থেকে আলোকচিত্র কিনে নুসরাতকে সহায়তা করা যাবে।