শিশু ন্যায়পাল নয়, কমিশন গঠনের পক্ষে মত
সরকার জাতীয় এবং আন্তর্জাতিক মহলে শিশুদের জন্য একটি ন্যায়পাল গঠনের অঙ্গীকার করেছে। দীর্ঘদিন ধরে ন্যায়পাল নিয়ে আলোচনাও চলছে। বেসরকারি সংগঠনের পক্ষ থেকে ন্যায়পাল আইনের খসড়া তৈরি করা হয়েছে। তবে আজ রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আলোচকেরা অবশেষে শিশুদের জন্য ন্যায়পাল নয়, কমিশনের পক্ষেই মত দিলেন।
আজ রোববার আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত ‘শিশু অধিকার সুরক্ষায় প্রয়োজন একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামো’ শীর্ষক আলোচনা সভায় শিশুদের জন্য ন্যায়পাল প্রতিষ্ঠার চেয়ে নিরপেক্ষ এবং স্বাধীন কমিশন গঠনের বিষয়ে সবাই একমত হন।
সেভ দ্য চিলড্রেনের সহায়তায় অনুষ্ঠিত সভায় আলোচকেরা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হওয়ার আগ পর্যন্ত শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে এবং যে ঘটনাগুলো ঘটে গেছে তার দ্রুত বিচার নিশ্চিতে জাতীয় পর্যায়ে একটি ‘প্রেশার গ্রুপ’ তৈরিরও সুপারিশ করেন।
সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেন, জাতীয় শিশু নীতি, শিক্ষা নীতিসহ বিভিন্ন নীতি ও আইনে অনেক কিছু বলা আছে। কিন্তু সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। এ সবকিছু দেখার জন্য আলাদা একটি কমিশন গঠন করা প্রয়োজন।
হামিদা হোসেন বলেন, বর্তমানে দেশে শিশুদের জন্য একটি কমিশন থাকলে সরকারের সাহস হতো না মেয়েদের বিয়ের বয়স কমানোর চিন্তা ভাবনা করার।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ইমান আলী শিশুদের জন্য কমিশন গঠনের পক্ষে মত দিয়ে বলেন, ন্যায়পাল একটি নির্দিষ্ট পরিধি ও আইনের মধ্যে সীমাবদ্ধ। কমিশনের নেতৃত্বে বিচার বিভাগের সংশ্লিষ্টদের রাখার পক্ষেও মত দেন তিনি।
জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক বলেন, জাতীয় মানবাধিকার কমিশন আছে বলেই অন্য কোনো কমিশন গঠন হতে পারবে না সে ধরনের কোনো বিষয় নেই। তবে শিশুদের জন্য তৈরি কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে সুপারিশ করেন তিনি।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাহমিনা বেগম বলেন, সরকার দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ন্যায়পাল গঠনের অঙ্গীকার করেছে। সেই কারণে সরকার ন্যায়পাল গঠনের কথা ভেবেছে। আবার ভারত ও ভুটানে শিশুদের জন্য কমিশন গঠন করা হয়েছে। তাই সরকার এ বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করছে। আলোচনার মধ্য দিয়ে যেকোনো একটি বিষয়ে একমত হতে হবে।
সভাপতির বক্তব্যে আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালও একাধিক ব্যক্তির সমন্বয়ে কমিশন গঠনের পক্ষে মত দেন। তিনি বর্তমানের বিভিন্ন শিশু নির্যাতনের উল্লেখ করে বলেন, ‘আমরা বিশ্বাস করি শিশুরা জাতির ভবিষ্যৎ। তবে যে শিশুদের বর্তমানই নেই, ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে, বাঁচতেই পারছে না, নিজেকে মানুষ হিসেবেই ভাবতে পারছে না তারা আমাদের ভবিষ্যৎ কীভাবে উপহার দেবে?’
সুলতানা কামাল শিশুকে শিশু অবস্থাতেই সব ধরনের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে কোনো ধরনের সময়ক্ষেপণ না করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। সরকারকে দোদুল্যমান অবস্থায় না থেকে কার্যকর ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন তিনি।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, কোনো নির্যাতন বা সহিংসতার ঘটনা ঘটার পর ন্যায়পাল ওই বিষয়টি নিয়ে কাজ করবে। এতে করে ন্যায়পাল গঠন করা হলে শিশুর সার্বিক অধিকার রক্ষার বিষয়টি দেখা সম্ভব হবে না। তাই শিশুদের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ কমিশন গঠন করতে হবে।
প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন বলেন, শিশুদের জন্য কমিশন বা অন্য যে কাঠামোই তৈরি করা হোক না কেন, তা যেন কার্যকর হয়। প্রতিষ্ঠান যাতে শুধু প্রতিষ্ঠান হয়েই না থাকে তাও দেখতে হবে।
শিশু প্রতিনিধি ইমতিয়াজ বলে, শিশুদের সঙ্গে সরাসরি কথা না বললে শিশুদের বিষয় কেউ বুঝতে পারবেন না। তাই কমিশন বা ন্যায়পাল যাই গঠন করা হোক তাতে শিশুদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ থাকতে হবে।
সভায় বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেনের উপপরিচালক শামছুল আলম। আসকের জ্যেষ্ঠ উপপরিচালক (শিশু সুরক্ষা ইউনিট) গীতা চক্রবর্তী স্বাধীন ও নিরপেক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে ন্যায়পাল ও কমিশন গঠনের সুবিধা, অসুবিধা, অন্য দেশের অভিজ্ঞতা তুলে ধরেন।