শিশু পরিবার কেন্দ্রটি নিজেই যেন অনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে ১৯টি। এর মধ্যে নয়টিই শূন্য। উপতত্ত্বাবধায়ক ও সহকারী তত্ত্বাবধায়কের পদ দুটিতেও কেউ নেই। এ অবস্থায় নওগাঁর সরকারি শিশু পরিবার (বালিকা) কেন্দ্রে শিশুদের শিক্ষা ও পরিচর্যা কার্যক্রম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।
সরকারি শিশু পরিবার (বালিকা) কেন্দ্র সূত্রে জানা যায়, ২০০৩ সালে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জেলা কারাগারের কাছে অনাথ-অসহায় শিশুদের থাকার জন্য একটি পাঁচতলা ও একটি দোতলা প্রশাসনিক ভবন নিয়ে এ সরকারি শিশু পরিবারের যাত্রা শুরু হয়। এখানে ১০০টি শিশুর থাকার ব্যবস্থা রয়েছে। ১ থেকে ১৮ বছরের অনাথ শিশুরা এখানে থাকা-খাওয়া, লেখাপড়া ও প্রশিক্ষণের সুযোগ পায়।
শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক ও সহকারী তত্ত্বাবধায়ক ২০১৩ সালে বদলি হয়ে অন্যত্র চলে যান। এখন পর্যন্ত ওই দুটি পদ শূন্যই রয়েছে। কারিগরি প্রশিক্ষকের দুটি পদের দুজনই প্রেষণে অন্য জায়গায় কর্মরত থাকায় এখানে এখন শিশুদের কর্মমুখী শিক্ষার কার্যক্রম বন্ধ। সেবিকা ও কম্পাউন্ডারের পদ থাকলেও দীর্ঘদিন ধরে তা খালি থাকায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। এ ছাড়া নিরাপত্তারক্ষীসহ চতুর্থ শ্রেণির পাঁচটি পদের মধ্যে তিনটিই শূন্য।
শিশু পরিবারের ছয়-সাতটি মেয়ের সঙ্গে কথা বলে জানা যায়, নিরাপত্তারক্ষী না থাকায় তারা সব সময় আতঙ্কে থাকে। লোকবল না থাকায় অনেক সময় ঝাড়ুদারের কাজ করতে হয় তাদেরই।
শিশু পরিবারের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘লোকবলের অভাবে প্রতিষ্ঠানটি চালাতে খুব কষ্ট হচ্ছে। মেয়েদের শারীরিক কোনো সমস্যা হলে আগে খালাম্মাদের (নার্স ও কম্পাউন্ডার) জানাত। কিন্তু পদ দুটি খালি থাকায় মেয়েরা নিজেদের সমস্যার কথা আমাদের কাছে বলতে সংকোচ বোধ করে।’ তিনি বলেন, শিশু পরিবার কর্মসূচির অন্যতম নীতি হলো, মূলধারার শিক্ষার পাশাপাশি বিভিন্ন কর্মমুখী শিক্ষার মাধ্যমে অনাথ শিশুদের স্বনির্ভর করে তোলা। কিন্তু কারিগরি শিক্ষক না থাকায় এখানকার পাঁচটি কম্পিউটারই পড়ে থেকে নষ্ট হয়ে গেছে।
জেলা সমাজসেবা কর্মকর্তা ও শিশু পরিবারের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মাহবুবুল আলম বলেন, এখানকার মূল সমস্যা লোকবলের অভাব। বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে এতগুলো শিশুর দেখভাল করতে অনেক সমস্যা হচ্ছে। তারপরও চেষ্টা করা হচ্ছে, তারা যাতে কোনো কষ্ট না পায়।
জেলা প্রশাসক আমিনুর রহমান বলেন, শিশু পরিবারের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।