শিশু পরিবারে আনন্দ

একসঙ্গে ছয় মেয়ের বিয়ে। নাকফুল, গয়না, শাড়ি, জুতা, হাতের ব্যাগ সবকিছু কিনতে হয়েছে ছয়টি করে। জামাইবাবুদের জন্য শার্ট, প্যান্ট পিসসহ যা কিছু লাগবে, তাও ছয়টি করে।
বিয়েতে কনেদের অভিভাবক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাছিমা বেগম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মেশকাত আহমেদ চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা বর-কনেকে দোয়া করেন, বিভিন্ন উপহার দেন। বর-কনের সঙ্গে মঞ্চে ছবিও তোলেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এভাবেই ঘটা করে তেজগাঁও সরকারি শিশু পরিবারের ছয় মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এ শিশু পরিবারেই তাঁরা বড় হয়েছেন। সবাই অসহায়, এতিম। রাষ্ট্রীয়ভাবে বিয়ে করতে পারায় বর ও বরপক্ষের লোকজনও সম্মানিতবোধ করেন।
ফুল, লাল ও ঘিয়ে রঙের ওড়না দিয়ে মঞ্চ সাজানো। মঞ্চে বউ ও বর সেজে বসে আছেন হেলেনা-সোলাইমান খান, ডলি-শাহাদাত হোসাইন, লিজা-রনক মিয়া, আসমা-উজ্জ্বল সরকার, মর্জিনা-আফজাল মণ্ডল এবং মনোয়ারা ও সাইফুল ইসলাম। একেক মেয়ের গায়ে তিন ভরি করে গোল্ড প্লেটেট রুপার গয়না। নাকে স্বর্ণের নাকফুল। বর-কনে সবার গলায় লম্বা ফুলের মালা। হাতে সবার চুমকির কারুকাজ করা ব্যাগ। একজন মা বলেই ফেললেন, ‘এইখানে না থাকলে মেয়েকে এইভাবে বিয়ে দিতে পারতাম না।’
শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক ঝর্না জাহিন বলেন, ‘আমার নিজের সন্তান নেই। এই মেয়েরাই আমার সন্তান। রোদে ঘুরে ঘুরে এই মেয়েদের বিয়ের কেনাকাটা করেছি। সবার হাসিমুখ দেখতে খুব ভালো লাগছে।’
পাঁচ মাস আগে এই মেয়েদের কাবিন হয়েছে। গতকাল ছিল ঘটা করে স্বামীর হাতে তুলে দেওয়া।
খাবারের আয়োজনের মধ্যে ছিল পোলাও, রোস্ট, রেজালা, সবজি, বোরহানি, জর্দা। খাবার টেবিলগুলোতে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা নিজেরা তদারকি করছিলেন। শিশু পরিবারে এই ছয় মেয়েসহ বিভিন্ন বয়সী মোট মেয়ের সংখ্যা ১৭৫ জন। এ পর্যন্ত ৪০৮ জন মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মেশকাত আহমেদ চৌধুরী বলেন, বিয়ের পরও এই মেয়েদের সঙ্গে যোগাযোগ রাখা হয়। কোনো সমস্যা থাকলে সমাধানের চেষ্টা করা হয়।