শিশু পরীক্ষার্থীর সঙ্গে আপত্তিকর আচরণ শিক্ষকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে প্রাথমিক সমাপনী পরীক্ষাকেন্দ্রে শিশুশিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর আচরণ করার অপরাধে এক শিক্ষককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর নাম মো. ইব্রাহিম (২৭)। গতকাল মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম।
দণ্ডপ্রাপ্ত শিক্ষক ইব্রাহিম উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর খলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষক। আদালতের আদেশের পর তাঁকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরীক্ষাকেন্দ্র ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল প্রাথমিক সমাপনীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা চলার সময় গাজীরহাট উচ্চবিদ্যালয়কেন্দ্রে এক পরীক্ষার্থী প্রশ্ন বুঝতে না পেরে কক্ষে কর্তব্যরত পরিদর্শক ইব্রাহিমের সহায়তা চান। ইব্রাহিম ওই ছাত্রীকে প্রশ্ন বুঝিয়ে দেওয়ার সময় আপত্তিকরভাবে তার গায়ে হাত দেন। এ সময় ছাত্রীটি কান্নাকাটি শুরু করলে ওই কক্ষে পরিদর্শকের দায়িত্বে থাকা আরেক শিক্ষক ঘটনার প্রতিবাদ করেন। পরে ওই শিক্ষক বিষয়টি অন্য শিক্ষকদের জানালে ইব্রাহিমকে কেন্দ্রসচিবের কক্ষে নিয়ে বসিয়ে রাখা হয়।
সূত্র জানায়, বেলা একটায় পরীক্ষা শেষে ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ইউএনও শারমিন আলম জানতে পেরে অভিযুক্ত শিক্ষক এবং ঘটনার শিকার ছাত্রীকে শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তাঁর কার্যালয়ে ডেকে নেন।
জানতে চাইলে ইউএনও বলেন, ছাত্রীর বক্তব্য শোনার পর শিক্ষক নিজেই তাঁর দোষ স্বীকার করেছেন। যার ভিত্তিতে শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদেশের পর দণ্ডপ্রাপ্ত শিক্ষককে পুলিশে সোপর্দ করা হয়েছে।