শিশু পর্নোগ্রাফিতে জড়িত অভিযোগে শিশুসাহিত্যিকসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত অভিযোগে শিশুসাহিত্যিক টিপু কিবরিয়াসহ (৪৭) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এ নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে সিআইডির সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ দল (অর্গানাইজড ক্রাইম) গত মঙ্গলবার খিলগাঁওয়ের তারাবাগের বাসা থেকে শিশুসাহিত্যিক টিপু কিবরিয়াকে আটক করে। তাঁর প্রকৃত নাম টি আই এম ফকরুজ্জামান।
সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, টিপু কিবরিয়া ছেলেশিশুদের দিয়ে পর্নো ছবি তৈরি করে তা ইন্টারনেটের মাধ্যমে কয়েকটি দেশে বিক্রি করছিলেন। তাঁর তথ্যের ভিত্তিতে মুগদায় তাঁর স্টুডিও থেকে কম্পিউটারের হার্ডডিস্ক, সিপিইউ, ল্যাপটপ, ক্যামেরা ও শতাধিক পর্নো সিডি উদ্ধার করা হয়৷ সেখান থেকে তাঁর সহযোগী নুরুল আমিন ওরফে নুরুকে আটক ও ১৩ বছরের এক ছেলেকে উদ্ধার করা হয়৷
সংবাদ সম্মেলনে জানানো হয়, আটক টিপু ও নুরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার গোড়ানের বাসা থেকে টিপুর আরেক সহযোগী শাহারুল ইসলাম খান ওরফে মজুকে আটক করে সিআইডি। তাঁদের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি আইনে মঙ্গলবার মুগদা থানায় একটি মামলা করা হয়। মামলাটি তদন্ত করছে সিআইডি। আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে চার দিনের এবং একজনকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁদের মধ্যে নুরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে৷ এ ঘটনায় জড়িত আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷
সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. শাহ আলম বলেন, টিপু পথশিশুদের দিয়ে পর্নোগ্রাফি করাতেন৷ উদ্ধার করা শিশুটিকে সোমবার কমলাপুর থেকে এনেছিলেন টিপু। শিশুটি সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছে, তাকে আদালতের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।
সিআইডির কর্মকর্তা শাহ আলম বলেন, জার্মানি, যুক্তরাজ্য, সৌদি আরব, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব পর্নোগ্রাফি বিক্রি করা হতো। পর্নোগ্রাফি বিক্রির টাকা তুলতেন শাহারুল। এক জার্মান ও এক সৌদি নাগরিকের সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। টিপু কিবরিয়া শিশুদের নিয়ে ৫০টির ওপরে বই লিখেছেন। তিনি ফ্রিল্যান্স আলোকচিত্রী।
সিআইডির কর্মকর্তারা জানান, ইন্টারপোল অভিযোগ পায়, ২০০৫ সাল থেকে বাংলাদেশের শিশু পর্নোগ্রাফি বিদেশে পাচার হচ্ছে৷ ইন্টারপোল দীর্ঘদিন ধরে এ বিষয়ে নজরদারি করছিল। চলতি বছর ইন্টারপোল নিশ্চিত হয়, এগুলো ঢাকা থেকে পাচার হচ্ছে। ১৫ দিন আগে ইন্টারপোল এ বিষয়ে সিআইডিকে তথ্য দেয়৷ সেই তথ্যের ভিত্তিতে সিআইডি টিপু কিবরিয়াকে শনাক্ত করে৷