শিশু পাচারের অভিযোগে এক নারী দুদিনের রিমান্ডে
শিশু পাচারের অভিযোগে করা মামলার আসামি শেফালি বেগম ওরফে শিউলি বেগম নামের এক নারীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মোল্লা সাইফুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, এই আসামি (শেফালি) দুই শিশুর বাবা-মার নাম ঠিকানা গোপন করে ভুয়া বাবা-মার নাম ঠিকানা দিয়ে পাসপোর্ট তৈরি করে। গতকাল শনিবার বিমানবন্দরে মা পরিচয়ে ওই দুই শিশুকে মালয়েশিয়ায় পাচারের সময় ওই নারীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তদন্তের স্বার্থে এই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। ঘটনার সঙ্গে জড়িত অপর মানবপাচারকারীদের নাম-ঠিকানা সংগ্রহ করাও জরুরি।
শনিবার শেফালিকে আটকের পর এ ঘটনায় বিমানবন্দর থানার পরিদর্শক শাহীনুল ইসলাম বাদী হয়ে মানবপাচার আইনে মামলা করেন। মামলায় শেফালি ছাড়াও জাকির হোসেন ও সরল নামের দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাঁরা দুজনেই পলাতক।
অপরদিকে, ভুক্তভোগী ওই দুই শিশু আজ আদালতকে জানায় মালয়েশিয়ায় পাচার করার জন্য তাদের পরিবারের কাছ থেকে শেফালি ৫০ হাজার টাকা করে নিয়েছে। পরে শিশু দুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।