শিশু পাচারের সঙ্গে জড়িত সন্দেহে আট চালক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে শিশু পাচারের সঙ্গে জড়িত সন্দেহে গতকাল বৃহস্পতিবার আট অটোরিকশা চালককে আটক করা হয়৷ এর প্রতিবাদে অটোরিকশা চালকেরা বিকেল তিনটা থেকে হঠাৎ ধর্মঘট শুরু করায় রাঙামাটি শহরে জনদুর্ভোগ সৃষ্টি হয়।
আটক অটোরিকশা চালকেরা হলেন: মো. মামুন, মো. খোকন, মো. আমির হোসেন, মকবুল হোসেন, কামাল, নূর আলম, তপন চাকমা ও আরিফুজ্জামান। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হাবিবুর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগের ভিত্তিতে শিশু পাচার করে কিডনি বিক্রি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই অটোরিকশা চালককে আটক করা হয়েছে। এর প্রতিবাদে অটোরিকশা চালকেরা শহরে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়াসহ সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে অপর চালকদের আটক করা হয়েছে।
তবে অটোরিকশা চালক সমিতির নেতারা অভিযোগ করেছেন, পুলিশ বিনা অপরাধে অটোরিকশা চালকদের আটক করে মারধর ও হয়রানি করার প্রতিবাদে অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গেছে, গত সোমবার আরমান (১৪) নামের এক শিশুসহ তিনটি শিশুকে পাচারের উদ্দেশে লংগদু উপজেলায় নিয়ে যাওয়ার সময় রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে উদ্ধার করা হয়। আরমানের জবানবন্দির ভিত্তিতে গত বুধবার রাঙামাটি শহরের অটোরিকশা চালক কামাল এবং নূর আলম নামের অপর এক ব্যক্তিকে লংগদু উপজেলা থেকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে মামুন ও খোকন নামের আরও দুই অটোরিকশা চালককে পুলিশ আটক করে।
অটোরিকশা চালকরা তাঁদের কয়েকজন সদস্যকে আটকের খবর পেয়ে রাঙামাটি শহরে অটোরিকশা ধর্মঘট শুরু করেন। এ সময় শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি, পুরাতন বাসস্ট্যান্ড ও বনরূপা এলাকায় অটোরিকশা চালকেরা অবরোধ সৃষ্টি করার চেষ্টা করলে পুলিশ আমির হোসেন ও মকবুল হোসেন নামের আরও দুই অটোরিকশা চালককে আটক করে।
অপরদিকে বনরূপা এলাকায় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হাবিবুর রহমান ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মনু ইমতিয়াজ সোহেলের সামনে তপন চাকমা ও আরিফুজ্জামান নামের দুই অটোরিশা চালক মারামারিতে জড়িয়ে পড়লে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
রাঙামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনু ইমতিয়াজ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফ উদ্দীন ও পুলিশ প্রশাসনের সঙ্গে অটোরিকশা চালক নেতাদের বৈঠক চলছিল।