শিশু পারভেজকে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বারে সাত বছর আগে প্রলোভন দেখিয়ে নিয়ে পারভেজ আলম নামের (১২) এক শিশুকে হত্যার পর পাঁচ টুকরো করার ঘটনায় হওয়া মামলায় আসামি মো. আল আমীনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০১০ সালের ৫ নভেম্বর জুমার নামাজের পর দেবীদ্বার থানার জয়পুর কামারচর গ্রামের পারভেজ আলম বাড়ি থেকে বের হয়, এরপর তার খোঁজ পায়নি পরিবার। ওই ঘটনায় পারভেজের মা দেবীদ্বার থানায় সাধারণ ডায়েরি করেন। ওই বছরের ১৫ নভেম্বর গ্রামের নজরুল ইসলামের ধানখেত থেকে পাঁচ খণ্ডে বিভক্ত পারভেজের লাশ উদ্ধার করা হয়। পারভেজের সম্পর্কে ভাই (জ্যাঠাতো ভাই) আল আমীন থানায় আত্মসমর্পণ করে ওই ঘটনার কথা স্বীকার করেন। পরে আল আমীন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।