শিশু পোশাকেও নানা বৈচিত্র্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে নতুন পোশাক পাওয়ার আনন্দ সবচেয়ে বেশি শিশুদের। সব মা-বাবাই সাধ্য অনুযায়ী চেষ্টা করেন সবচেয়ে সুন্দর পোশাকটি সন্তানকে কিনে দিতে। তাই শিশুদের পোশাকের দোকানে ভিড়ের কমতি নেই।
গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় নগরের প্রায় সব বিপণিকেন্দ্রেই ছিল উপচে পড়া ভিড়। শিশুদের পোশাকের দোকানেই ভিড় বেশি দেখা গেল। মেয়েশিশুদের জন্য স্কার্ট, টপস, ফ্রিল দেওয়া পার্টি ফ্রক, টিউনিক ক্র্যাপ্রি, আনারকলি—এসব নকশার পোশাক এবার বেশি চলছে। কাপড়ের ক্ষেত্রে সুতি, জর্জেট, শিফন, মসলিন, কাতান—এসবেরই আধিক্য দেখা গেছে।
বিভিন্ন ফ্যাশন হাউসও শিশুদের জন্য নিত্যনতুন ডিজাইনের পোশাক বাজারে এনেছে। বড়দের ট্রেন্ডের সঙ্গে মিলিয়ে মেয়েশিশুদের জন্য কুর্তা, পালাজ্জো, গাউন ডিজাইনের লং ফ্রকও বেশ চলছে। গরমের কারণে শিশুদের জন্য স্লিভলেস, অথবা ম্যাগি হাতের পোশাক বেছে নিচ্ছেন ক্রেতারা।
ছেলেশিশুদের জন্য পাঞ্জাবি, ফতুয়া, জিনসের প্যান্ট, কটি দেওয়া হাফ শার্ট, হাফ হাত টি-শার্ট প্রভৃতি। শিশুদের পাঞ্জাবির ক্ষেত্রে সুতি, অ্যান্ডি সিল্ক ভালো চলছে।
ছয় বছরের শিশুকন্যাকে নিয়ে নগরের ইউনুস্কো সেন্টারে পোশাক কিনতে আসেন স্কুলশিক্ষক আইরিন সুলতানা। একমাত্র সন্তানের জন্য অনেক ঘুরে মনের মতো ফ্রক কেনেন তিনি। প্রথম আলোকে তিনি বলেন, ‘ঈদ শিশুদের জন্য কতটা আনন্দের, সেটি নিজের ছোটবেলার কথা মনে হলেই বুঝতে পারি। আমার মেয়ে গোলাপি রং খুব পছন্দ করে, তাই ওর পছন্দে পোশাক কিনে দিলাম।’
এবারের ঈদ পড়েছে বর্ষা মৌসুমে। পাশাপাশি গরমের তেজও কম নয়। তাই পোশাক নির্বাচনের ক্ষেত্রে শিশুর আরামের বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন ফ্যাশন ডিজাইনার আমেনা রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ‘শিশুর জন্য সুতির পোশাক বেছে নেওয়ার পরামর্শ দেব আমি। তবে ঈদ যেহেতু আমাদের প্রধান উৎসব, তাই চাইলে সিল্ক, মসলিন কিংবা জর্জেটের পোশাক কেনা যায়। কিন্তু এ রকম পোশাক কিনলেও এর ভেতরের আস্তরটা অবশ্যই সুতির হতে হবে।’
আমেনা রহমান আরও বলেন, দীর্ঘসময় যাতে শিশুর গায়ে সিনথেটিক পোশাক না থাকে সেদিকে অবশ্যই লক্ষ রাখতে হবে।
দেশি পোশাকের ফ্যাশন হাউসগুলোও শিশুদের জন্য নানা নকশার পোশাক বাজারে এনেছে। আড়ং, দেশাল, কে ক্র্যাফট, নিপুণ, রঙ, নগরদোলা, বাংলার মেলা, শৈল্পিক, শৈশব, স্নেহা প্রভৃতি বুটিক হাউসে শিশুদের জন্য পোশাক পাওয়া যাচ্ছে।
বিভিন্ন বিপণিকেন্দ্র ও বুটিক হাউসে মেয়েশিশুদের সুতি ফ্রক পাওয়া যাচ্ছে ২৫০ থেকে ১৫০০ টাকার মধ্যে। পার্টি ফ্রকের দাম পড়ছে ৮০০ থেকে ৪০০০ টাকা। ছেলেশিশুদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ২৫০০ টাকা, আর শার্ট, টি-শার্ট পাওয়া যাচ্ছে ২৫০ থেকে ৭০০ টাকার মধ্যে।