শিশু ফরহাদ হত্যায় ছয়জনের মৃত্যুদণ্ড
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি গ্রামের শিশু ফরহাদ (৮) হত্যার মামলায় ছয় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আজ সোমবার ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক জহিরুল কবির এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন সাহেব আলী, আবদুল কদ্দুছ, মো. ইব্রাহীম, আবদুল মজিদ, মুনতাজ আলী ও মো. জুয়েল। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে কমলা খাতুনের।
ময়মনসিংহের আদালত পরিদর্শক মো. নওজেশ আলী রায়ের খবরের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, খেরুয়াজানি গ্রামের আইয়ুব আলীর সঙ্গে প্রতিবেশী সাহেব আলী, আবদুল কদ্দুছসহ দণ্ডপ্রাপ্ত আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে আসামিরা ২০১০ সালে ৪ মে আইয়ুবের ছেলে ফরহাদের দুই হাত কেটে ও পিটিয়ে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেয়। এ ঘটনায় ফরহাদের বাবা বাদী হয়ে ওই বছরের ৬ মে মুক্তাগাছা থানায় ১৩ জনের নামে হত্যা মামলাটি করেছিলেন। তদন্তের পর ছয় আসামিকে অব্যাহতি দেওয়া হয়।