শিশু ফাহিম হত্যার ঘটনায় দু্জন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় শিশু ফাহিম হত্যার ঘটনায় সফুরা বেগম ও তাঁর ছেলে ইব্রাহিম হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার সাতক্ষীরা জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মহিবুল হাসান এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম বলেন, মামলার অন্যতম আসামি ইসরাফিল হোসেনকে আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আদালত গতকাল তাঁর মা সফুরা বেগম ও ভাই ইব্রাহিম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। বুধবার (আজ) তাদের কারাগার থেকে আনা হবে। তিনি আরও জানান, আলোচিত এ মামলায় ইসরাফিলের স্ত্রী তামান্না খাতুন আগেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই দুজনের জিজ্ঞাসাবাদ শেষে অচিরেই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ জুন সকালে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামে পাটখেত থেকে আট বছরের শিশু ফাহিমের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন থানায় হত্যা মামলার এজাহারে বলা হয়, বাজার থেকে কেনা মাংস নষ্ট করার অভিযোগে কুশখালী গ্রামের মুজিবর রহমানের পরিবারের সদস্যরা ফাহিমকে পিটিয়ে হত্যা করে।