শিশু বিকাশ কেন্দ্রেরই বিকাশ নেই

ঘরটি বেশ লম্বা। মেঝেতে একটার সঙ্গে আরেকটা লাগানো অনেকগুলো তোশক। তার ওপর চাদর বিছিয়ে দুপুরে দুজন করে ঘুমাচ্ছে বিভিন্ন বয়সী মেয়েশিশু ও কিশোরী। এরা সবাই ছিন্নমূল। কারও বাবা নেই। কারও মা নেই। আবার কারও মা-বাবা কেউ নেই। অনেকের মা-বাবা থেকেও নেই। কেননা তাঁরা তাঁদের মেয়ের কোনো খোঁজ নেন না।
এই মেয়েশিশু ও কিশোরীদের দায়িত্ব নিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ শিশু একাডেমী। এ ধরনের ছেলে ও মেয়েশিশুদের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছয়টি শিশু বিকাশ কেন্দ্র পরিচালনা করছে। মূল উদ্দেশ্য হচ্ছে, দুস্থ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ। ৫ বছর থেকে ১৬ বছর বয়স পর্যন্ত তারা এসব কেন্দ্রে বিনা মূল্যে থাকা, খাওয়া, পড়াশোনা, গান, নাচ শেখাসহ বিভিন্ন সুযোগ পাচ্ছে।
গত মঙ্গলবার দুপুরে রাজধানীর আজিমপুরে শিশু বিকাশ কেন্দ্রে গিয়ে কেন্দ্রের বেশির ভাগ সদস্যকে ঘুমাতে দেখা গেল। দুজনকে দেখা গেল রাতের রান্নার জন্য আলু কাটছে। প্রতিবেদককে দেখে কাজ রেখে তাড়াতাড়ি ওঠে পড়ল। বাবুর্চি এসে জানালেন, মেয়েরা শখ করে না ঘুমিয়ে কাজ করছে। কয়েকজন দুপুরে না ঘুমিয়ে গোল হয়ে বসে কাগজ কেটে জবা ফুল ও ফুলদানি বানাচ্ছে। কেন্দ্রটিতে ১১৫ জন মেয়ে থাকতে পারে বলে জানা গেল। তবে মঙ্গলবার এই কক্ষে ছিল ১০০ জন মেয়ে। এতগুলো মেয়ে একসঙ্গে এক জায়গায় থাকায় চারপাশটা ঘিঞ্জি হয়ে আছে।
কেন্দ্রের যে ঘরে মেয়েরা থাকছে, সে ঘরটির এক পাশের দরজা, জানালাগুলো বন্ধ করে রাখা। বন্ধ জানালায় খাবারের প্লেট, গ্লাস, সাজগোজের জিনিস, বইসহ বিভিন্ন জিনিস রাখা। বিছানার মাথার কাছে ট্রাঙ্ক বা বিভিন্ন বাক্স রাখা। বাক্সগুলোর ভেতরে জিনিস রাখার পাশাপাশি ওপরেও বিভিন্ন জিনিসপত্রে ঠাসা। রশিতে ঝুলছে মেয়েদের জামাকাপড়।
এ ধরনের পরিবেশে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ কতটুকু হচ্ছে, জানতে চাইলে শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘এই শিশুদের সার্বিকভাবে বিকাশ হচ্ছে তা বলা যাবে না। আমরা শিশু একাডেমীসহ বিভিন্ন জায়গায় ওদের নিয়ে যাচ্ছি। ওদের ভালো আবাসনের জন্য বড় বাজেট প্রয়োজন।’
শিশু বিকাশ কেন্দ্রগুলো ২০১২ সালের অক্টোবর পর্যন্ত ছিল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের অধীনে। ২০১২ সালের নভেম্বর মাস থেকে এ কার্যক্রম শিশু একাডেমী বাস্তবায়ন করছে। মেয়েদের লেখাপড়া, গানবাজনা, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার কথা। তবে এখন পর্যন্ত এই মেয়েদের জন্য কোনো ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়নি। তবে তারা আজিমপুরের বিভিন্ন স্কুলে পড়ছে। কেন্দ্রে কর্মকর্তারা স্কুলে আনা-নেওয়া করেন। কেন্দ্রের ভেতরেই একজন আবাসিক শিক্ষক আছেন। শারীরিক শিক্ষকসহ অন্য বিষয়েও শিক্ষক আছেন। শিশু একাডেমীতে মেয়েরা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছে। কেন্দ্রের ভেতরেই গান শিখছে। তবে তাদের বাকি সময়টুকু কাটাতে হয় চার দেয়ালের ভেতরে। বাইরে গিয়ে খেলার কোনো সুযোগ নেই। ঘরের ভেতরেই লুডু খেলে, টেলিভিশন দেখে তারা অলস সময় কাটায়।
শিশু একাডেমীর প্রোগ্রাম অফিসার এবং শিশু বিকাশ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শামীমা আরেফিন প্রথম আলোকে বলেন,‘সমাজসেবার কাছ থেকে আমরা যে অবস্থায় পেয়েছিলাম, সে তুলনায় কেন্দ্রের অবস্থা এখন অনেক ভালো। ওদের জন্য বড় একটি ভবন খোঁজা হচ্ছে।’