শিশু বিবাহ বন্ধে শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে একটি আলোচনা অনুষ্ঠানে শিশু বিবাহ বন্ধে শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর দাবি জানানো হয়েছে। শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর বিষয়টিতে আলোচকেরা গুরুত্বারোপ করেন।

আজ শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইন এ ‘শিশু বিবাহ বন্ধে শিক্ষায় বিনিয়োগ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আলোচকেরা এই বিষয়টি তুলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, বিয়ের সময় বেশির ভাগ পুরুষই কম বয়সী এবং সুন্দরী মেয়ে খোঁজে। এ ধরনের মনমানসিকতা পরিবর্তনের জন্য মানসম্পন্ন শিক্ষা প্রয়োজন। কেন না সৌন্দর্য চেহারায় থাকে না, থাকে একজন মানুষ কতটা শিক্ষিত অথবা তার কী কী গুণ আছে ইত্যাদির মধ্যে।
নেদারল্যান্ডসের টেরে ডেস হোমস, আইন ও সালিশ কেন্দ্র, নারী ও শিশু লীড গ্লোবাল এবং ওয়ার্ল্ড ভিশন যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি পরিচালক চন্দন জেড গোমেজ।
সংলাপে বাংলাদেশে শিক্ষা খাতের বিনিয়োগ চিত্র এবং বাল্যবিবাহের সঙ্গে বিনিয়োগ বাড়ানোর সম্পর্ক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মতো মাধ্যমিক শিক্ষাকেও বাধ্যতামূলক করা হলে দেশে থেকে ‘ম্যাজিক’ এর মতো বাল্যবিবাহ দূর করে ফেলা সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, চাকচিক্য দেখানোর জন্য নয়, দেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন চাইলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতেই হবে। কেননা এ দুইটি খাতের বরাদ্দ অন্যান্য খাতকে উন্নয়ন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া হক মেয়েদের শিক্ষায় ধরে রাখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা টয়লেট, যথাযথ আবাসন ব্যবস্থা, যাতায়াতের সমস্যা সমাধানের বিষয়গুলোতে গুরুত্ব দেন।
সংলাপের উন্মুক্ত পর্বে নারী নেত্রী মাশহুদা খাতুন শেফালী মেয়েদের কারাতে শেখার বিষয়টিতে গুরুত্ব দেন। তিনি তাঁর কাজের অভিজ্ঞতায় বলেন, কারাতে শেখা মেয়েরা যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে পারে। তাই কারাতে বিষয়টিকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।
উন্মুক্ত পর্বে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বাল্যবিবাহ বন্ধে শুধু মেয়ে নয়, ছেলেদের শিক্ষার বিষয়টিতেও গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানান। কেননা যথাযথভাবে শিক্ষিত ছেলে কখনোই ছোট মেয়েদের বিয়ে করবে না। বাল্যবিবাহ করে সেই সব পুরুষ যাঁদের শিক্ষা কম এবং টাকা বেশি আছে।
সংলাপে টেরে ডেস হোমসের দেশীয় পরিচালক মাহমুদুল কবির আলোচনায় অংশ নেন। সংলাপে সঞ্চালকের দায়িত্ব পালন করেন নারী ও শিশু লীড গ্লোবালের দেশীয় সমন্বয়কারী মাহমুদ হাসান।
সংলাপে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু ফোরামের কয়েকজন শিশু সদস্য বক্তব্য দেয়। সায়মা আক্তার তার অভিজ্ঞতায় বলে, গত ১০ বছরে সরকারের কোনো প্রতিনিধিকে স্কুলে মনিটরিং করতে দেখা যায়নি। আর এ ধরনের সুযোগে ফরমফিলাপসহ বিভিন্ন খাতে স্কুল কর্তৃপক্ষ অনেক বেশি টাকা নিচ্ছে। স্কুলে শিক্ষকেরা পড়ান না। তাই কোচিং করতে হয়। যারা কোচিং করতে পারে না তারা ভালো ফলাফল করতে পারে না।
সায়মা সংলাপে উপস্থিত শিক্ষাসচিবের দৃষ্টি আকর্ষণ করে বলে, ‘আমরা মেয়েরা পড়তে চাই। আমাদের দিকে বেশি নজর দিন। আমরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দেশ পরিচালনা করতে চাই। আমরা শিশুর পেটে শিশু চাই না। আমরা মায়ের পেটে সন্তান দেখতে চাই।’