শিশু, বৃদ্ধাসহ নিহত ৪

সিলেটের জৈন্তাপুরে গতকাল শনিবার দুপুরে লেগুনার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। একই দিনে চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ভটভটির নিচে পড়ে নিহত হয়েছে সাত বছরের এক শিশু। আর শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের চাপায় মারা গেছেন এক বৃদ্ধা।
এ নিয়ে গত ১৭৯ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১ হাজার ৭৩৬ জনের। সংশ্লিষ্ট এলাকা থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:
জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে চিকনাগুল বাজারের কাছে লেগুনার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুজনের একজন হলেন বিলাল হোসেন (২২)। বাড়ি জৈন্তাপুরের ফতেহপুরে। নিহত অপরজন নারী। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, জাফলং থেকে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সিলেট থেকে হরিপুরগামী যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হন লেগুনার সাত যাত্রী।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের গোভীবল্লভপুর গ্রামে ব্যাটারিচালিত ভটভটির নিচে পড়ে সাত বছরের শিশু নীলা খাতুন নিহত হয়েছে গতকাল বেলা তিনটার দিকে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, বাড়ির পাশে রাস্তা পারাপরের সময় আলমডাঙ্গা থেকে শ্যামপুরগামী সারবোঝাই একটি ভটভটি চাপা দিলে শিশুটির মৃত্যু হয়। সে গোভীবল্লভপুর গ্রামের মাসুদ হোসেনের মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মোটরসাইকেলের চাপায় মাফিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন গত শুক্রবার রাত আটটার দিকে। বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর সেতুর পূর্ব দিকে এ ঘটনা ঘটে। মাফিয়া বেগমের বাড়ি উপজেলার আছাদনগর গ্রামে।