শিশু বয়সে যৌন হয়রানির শিকার তরুণী ও তাঁর পরিবারের মানসিক ট্রমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানি
প্রতীকী ছবি

সংগীতের তালিম নিতে গিয়ে গৃহশিক্ষকের যৌন হয়রানির শিকার হয়েছিল এক শিশু। ১০ বছর ধরে সে সেই নির্যাতনের ট্রমা বয়ে বেরিয়েছে। এই দীর্ঘ সময় একটা মানসিক যাতনা তাকে কুরে কুরে খেয়েছে। বড় হওয়ার পরে তাঁর ভয় ভেঙে যায়। তিনি মুখ খোলেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেন। এই ফেসবুক স্ট্যাটাস দেখে একই প্রশিক্ষকের যৌন নিপীড়নের শিকার আরও কয়েকজন ভুক্তভোগী সাড়া দেন। তাঁরাও একই রকম হয়রানির শিকার হয়েছেন বলে জানান।

এই অভিযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) উপপরিচালক (সংগীত) রকিবুল হাসানের বিরুদ্ধে। রকিবুল হাসান জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন। এই অভিযোগের সত্যতা পেয়ে রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের সদস্যপদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। তিনি ইলা মিত্র শিল্পী সংঘের প্রশিক্ষক ছিলেন। তারা তাঁকে একই ধরনের অভিযোগের পর বাদ দিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো তাঁর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।

মেয়েটির ফেসবুক স্ট্যাটাসের পর রকিবুল হাসান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর মেয়েটির বাবা ওই প্রশিক্ষকের বিরুদ্ধে রাজশাহী নগরের মতিহার থানায় মামলা করেন। এক বছর আগে এই মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। কিন্তু অভিযুক্ত চারপাশেই ঘুরছেন। পরিবারটিও সামাজিকভাবে পড়েছে আরেক ট্রমার মধ্যে।

এ বিষয়ে মামলার বাদীর সঙ্গে প্রথম আলোর কথা হয়। তিনি বলেন, ‘পরিচিত ও সংগঠনের অনেকে বলছে, “এটা কী করেছ তোমরা, এটা কেন করতে গেছ?” এভাবে আমরা আরেকটি ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি। তাহলে কী এ ঘটনার প্রতিবাদ হবে না? আমরা কি মেয়ের প্রতি হওয়া অন্যায়ের সঙ্গে আপস করব? এটা কী করে হয়!’
মামলার বাদী জানান, তাঁদের বাড়ি রাজশাহীতেই। তাঁর মেয়ে ২০১০ সালে ১২ বছর বয়সে রকিবুল হাসানের কাছে গান শিখতেন। তিনি বাড়িতে এসে গান শেখাতেন। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের অনুশীলনও তাঁদের বাড়িতে হতো। এভাবে রকিবুল তাঁদের আস্থাভাজন ও বিশ্বস্ত হয়ে ওঠেন। এ সুযোগে তিনি তাঁর মেয়ের ওপর যৌন নির্যাতন চালিয়েছেন। তখন ভয়ভীতি দেখিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করে তাঁর মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছেন রকিবুল হাসান।

রাজশাহী জেলার মানচিত্র

২০২০ সালের ১৪ সেপ্টেম্বর ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। এর এক মাস আগে অভিযোগকারী ওই ছাত্রীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে জমা দেন তাঁর মা-বাবা। একই অভিযোগ তাঁরা জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কাছে দেন। সেই অভিযোগ পেয়ে গত বছরের ৩১ আগস্ট রকিবুল হাসানকে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া ঘটনাটি তদন্তে সংগঠনটির পক্ষ থেকে একজনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। অভিযোগের তদন্ত করে ওই কর্মকর্তার শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধনও হয়েছে।

গত বছরের ২১ জানুয়ারি মামলার তদন্ত করে নগরের মতিহার থানার পরিদর্শক মোহা. অলিউর রহমান আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এরপর আসামি আদালত থেকে জামিন নিয়েছেন।

মামলার পর অভিযুক্ত রকিবুল হাসান প্রথম আলোকে বলেছিলেন, ছোটকাল থেকে দীর্ঘদিন তাঁকে গান শিখিয়েছেন তিনি। এ ধরনের অভিযোগ তখন তোলেননি কেউ। আজ এত বছর পর কেন? থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে তিনি বলেছেন, শুধু সাংগঠনিক দ্বন্দ্বের কারণে ওই ছাত্রীর বাবা তাঁর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও কুৎসা রটিয়ে তাঁকে হেয়প্রতিপন্ন করছেন।

এত দিন পর আইনি পদক্ষেপের বিষয়ে মেয়েটির বাবা বলেন, সে সময়ে তাঁর মেয়ে ছোট থাকায় এ বিষয়ে তাঁদের বলতে সাহস পাননি এবং সামাজিক সমর্থন না পাওয়ার আশঙ্কায় সে সময় ঘটনাটি প্রকাশও করতে পারেননি। তিনি জানান, তাঁর মেয়ে দেশের বাইরে লেখাপড়া করেন। পরে দেশে ফিরে জানতে পেরেছেন, রকিবুল এখনো একইভাবে আরও অনেকের সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড করছেন। এরপর তিনি বিষয়টি বাবা-মাকে জানান। আর কারও যেন ক্ষতি না করতে পারেন রকিবুল এবং এ অন্যায়ের প্রতিবাদ করা জরুরি মনে করে তাঁর মেয়ে এ বিষয়ে মুখ খুলেছেন।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঠানো লিখিত অভিযোগ উপাচার্য দপ্তর থেকে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ সেলে পাঠানো হয়। জানতে চাইলে সেলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক রেজিনা লাজ প্রথম আলোকে বলেন, তাঁরা অভিযোগের বিষয়টি তদন্ত করতে গিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেছেন। তাঁদের অভিযোগ সত্য বলে মনে হয়েছে। তাঁরা সেই আলোকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করেছেন। সে সময় ছয় মাস বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্য ছিলেন না। নতুন উপাচার্য আসার পর তিনি বিষয়টি আমলে নিয়েছেন। গত সিন্ডিকেট সভায় বিষয়টি উঠেছিল। ওই সময় একটি রিভিউ কমিটি করে দেওয়া হয়েছে। তাদের এক মাস সময় দেওয়া হয়েছে। তারা তদন্তের বিষয়টি রিভিউ করে একটি প্রতিবেদন দাখিল করবে। এটি বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সিন্ডিকেট সভায় উঠবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ধর্ষণ
প্রতীকী ছবি

অধ্যাপক রেজিনা লাজ বলেন, এ ছাড়া তাঁর দুই বছর মেয়াদে তিনি আরও দুটি অভিযোগ পেয়েছেন। সব কটিই তাঁদের কাছে সত্য বলে প্রতীয়মান হয়েছে। যৌন হয়রানির শিকার মেয়েরা লোকলজ্জার ভয়ে সহজে অভিযোগ করেন না। একেবারে নিরুপায় হয়েই অভিযোগ করে থাকেন। আরও একটি মেয়ে অভিযোগ করেছেন। তাঁর কাছে তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছেন।

যৌন হয়রানির শিকার ওই মেয়ের সঙ্গে প্রথম আলোর কথা হলে তিনি বলেন, করোনার সময়ে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এ সময়ে তিনি দেশে ফেরেন। করোনার ওই সময়ে তিনি প্রচুর ভাবেন। তখন তিনি জানতে পারেন যে অভিযুক্ত ব্যক্তি দ্বারা আরও অনেকেই একই ধরনের অন্যায়ের শিকার হয়েছে। তখন তিনি ঘটনাটি প্রথমে ফেসবুকে তুলে ধরেন। পরে বিষয়টি নিয়ে মামলা করা হয়। তিনি এই বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চান, যাতে এ ধরনের অন্যায় করার সাহস আর কেউ না পান।