শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে চাকরি হারালেন ১৪ চিকিৎসক
বিনা নোটিশে চাকরি হারিয়েছেন মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের ১৪ চিকিৎসক। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই চিকিৎসকদের বেশির ভাগের চাকরির মেয়াদ ছিল ২০১৪ সাল পর্যন্ত। চিকিৎসকদের অভিযোগ, তাঁরা রাজনীতির শিকার। প্রতিষ্ঠানের অবেদনবিদ্যা বিভাগের নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক বলেন, গত বছর মে মাসে তাঁর চাকরির মেয়াদ ২০১৪ সাল পর্যন্ত বাড়ানো হয়। কর্তৃপক্ষ এই মাসের প্রথম সপ্তাহে তাঁকে অব্যাহতিপত্র ধরিয়ে দিয়েছে। অব্যাহতিপত্রে বলা হয়েছে, প্রতিষ্ঠানের বোর্ড অব গভর্নরসের সিদ্ধান্ত অনুযায়ী সহকারী রেজিস্ট্রারের পদ খালি না থাকায় ৭ জানুয়ারি থেকে এই চিকিৎসকের চুক্তি বাতিল করা হয়েছে। তাঁর পদে অন্য চিকিৎসক নিয়োগ পেয়েছেন।স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁর এক সহকর্মী ৬ জানুয়ারি রাতের পালায় কাজ করেছেন। ৭ জানুয়ারি তাঁর হাতে অব্যাহতিপত্র ধরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, ‘বাড়ির একজন গৃহকর্মীকে ছাঁটাই করতেও এক মাসের নোটিশ দেওয়া হয়। আমার সরকারি চাকরির বয়স নেই। আমি কোনো রাজনীতি করি না। আমি শুধু আমার অপরাধটা জানতে চাই।’ ওই চিকিৎসকের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় একাধিক স্নাতকোত্তর ডিগ্রি আছে। তাঁর বিভাগে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের কমপক্ষে ছয়জনের স্নাতকোত্তর ডিগ্রিই নেই। একই ঘটনা ঘটেছে অবেদনবিদ্যা বিভাগে। এ বিভাগে নিয়োগপ্রাপ্তদের পাঁচজনের অবেদনবিদ্যার ডিগ্রি নেই। অন্য সরকারি প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানেও অবেদনবিদের সংকট আছে। অবেদনবিদ্যার মতো একটি বিভাগে আলাদা কোনো ডিগ্রি বা প্রশিক্ষণ ছাড়া নবীন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে কেন—জানতে চাইলে শীর্ষ একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অনেকেই বাদ পড়েছেন। প্রেক্ষাপটটা বুঝতে হবে।’হঠাৎ করে কেন ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত নেওয়া হলো—জানতে চাইলে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এস এম শাহনাওয়াজ বিন তবিব বলেন, প্রতিষ্ঠানটি মন্ত্রণালয়ের নির্দেশে চলে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তে নতুন নিয়োগ হয়েছে। ১০০ শয্যা থেকে ২০০ শয্যায় উন্নীত হওয়ায় নতুন করে ৪৯টি ভিত্তিপদে নিয়োগ দেওয়া হয়েছে। যাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাঁদের বেশির ভাগই দীর্ঘদিন ধরে চাকরি করছেন। সূত্র জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ পুরোনো চিকিৎসকদেরও নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিয়েছিল। ছাঁটাইকৃত ১৪ জনই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু মৌখিক পরীক্ষা, জেলা কোটা এসব বিবেচনায় বাদ পড়েন।নথিপত্রে দেখা যায়, ওই ১৪ জন চিকিৎসক ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে স্ত্রী ও প্রসূতিবিদ্যা, শিশু ও অবেদনবিদ্যা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। ২০০৬ সালের বোর্ড অব গভর্নরসের সভায় সিদ্ধান্ত হয়েছিল, এই চিকিৎসকদের আত্তীকৃত করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে গত ৮ ডিসেম্বর বোর্ড অব গভর্নরসের সভায় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়।