শিশু মারিয়া হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কোনাবাড়ীতে শিশু মারিয়া হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় এক নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ আদেশ দেন। 

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন: বাড়ির তত্ত্বাবধায়ক সুমন শেখ ও নিরাপত্তাপ্রহরী আবদুল আলিম। পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে আলিমের স্ত্রী শেফালি বেগমকে। রায় ঘোষণার সময় আলিম ও তাঁর স্ত্রী কাঠগড়ায় ছিলেন।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৪ সালের ১৪ জুলাই সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকার এরশাদ নগর হাউজিং এস্টেটের বাসিন্দা আক্তারুজ্জামানের মেয়ে মারিয়া আক্তার (১২) স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। কিন্তু বিকেল পর্যন্ত বাসায় ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও মারিয়ার সন্ধান পাওয়া যায় না। এ সময় বাড়ির তত্ত্বাবধায়ক সুমন শেখ ও নিরাপত্তাপ্রহরী আলিমের কাছে মারিয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তাঁরা কিছু জানেন না বলে জানান। পরে মারিয়ার স্বজনেরা বাড়ির গ্যারেজের ভেতর মারিয়ার খোঁজ নিতে চাইলে আলিম ও তাঁর স্ত্রী মিথ্যা তথ্য দিয়ে স্বজনদের বিভ্রান্ত করেন। রাতে স্থানীয় লোকজন অভিযুক্তদের কাছ থেকে গ্যারেজের চাবি নিয়ে তালা খুলে তত্ত্বাবধায়ক সুমনের চৌকির নিচে মারিয়ার মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে।
এ ঘটনায় মারিয়ার বাবা আক্তারুজ্জামান বাদী হয়ে ওই বছরের ১৫ জুলাই জয়দেবপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আলম চাঁদ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানির পর আদালত সুমন শেখ ও আবদুল আলিমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।