শিশু মাহফুজুর হত্যা: দুই ভগ্নিপতির মৃত্যুদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর আগে রাজশাহীতে শিশু মাহফুজুর রহমান ওলিকে হত্যার ঘটনায় করা মামলায় তার দুই ভগ্নিপতি সাহেব আলী ও মো. মুকুল হোসেনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) অনুমোদন এবং আসামিদের করা আপিল খারিজ করে এ রায় দেওয়া হয়।

আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এফ এম মেজবাহ উদ্দিন, এস এম আবদুল মুবিন ও আবদুল কাদের। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ ও নুরুল ইসলাম মাতবর।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ প্রথম আলোকে বলেন, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। দুজনের মধ্যে সাহেব আলী শিশু ওলির আপন বোনের স্বামী, আর মুকুল হোসেন খালাতো বোনের স্বামী। তবে হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও সহযোগিতার দায়ে অপর আসামি মো. রাসেলের দণ্ড সংশোধন করে যাবজ্জীবন কমিয়ে ১৪ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। রাসেলসহ তিনজনের আপিল খারিজ হয়েছে। শ্বশুরের সম্পত্তি পাওয়ার লোভে একমাত্র শ্যালক শিশু ওলিকে হত্যা করা হয় বলে আসামির জবানবন্দিতে এসেছে।

আইনজীবী সূত্র বলেছে, রাজশাহীর মোহনপুরের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমানকে (৮) ২০১০ সালের ২৬ এপ্রিল অপহরণ করা হয়। ওই অপহরণের পরিকল্পনা করেন তার আপন ভগ্নীপতি সাহেব আলী। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সাহেব আলী বলেন, অপহরণের ঘটনার দিন আসামি রাসেল সাইকেলে করে ওলিকে তার স্কুল থেকে নিয়ে আসে। এরপর তাকে নিয়ে রাজশাহী শহরে ও পদ্মার পারে সময় কাটায়। ওই দিন রাত দুইটার দিকে বিদিরপুরে পৌঁছে সাহেব আলীর সঙ্গে তারা দেখা করে। পরে বেরাবাড়ির আবদুল আজিজের ভুট্টাখেতে নিয়ে শ্বাসরোধে ওলিকে হত্যা করে। এরপর দিনে মাটি খুঁড়ে তার লাশ চাপা দিয়ে রাখা হয়।

ওই ঘটনায় ২০১০ সালের ২৭ এপ্রিল ওলির বাবা আবদুর রব মোহনপুর থানায় মামলা করেন। এ মামলায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০১২ সালের ২৩ জানুয়ারি রায় দেন। রায়ে সাহেব আলী ও মুকুল হোসেনকে মৃত্যুদণ্ড এবং রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। পাশাপাশি তিন আসামিও হাইকোর্টে আপিল করেন।