শিশু মেয়েকে বিয়ে দেওয়ায় বাবা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েকে বাল্যবিবাহ দেবেন না বলে পুলিশের কাছে লিখিত অঙ্গীকার করেছিলেন বাদশা ফকির। কিন্তু এর এক দিন পরেই সেই অঙ্গীকার ভঙ্গ করে শিশু মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন।
গত সোমবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাদশা ফকির এখন পাবনা কারাগারে।
ঈশ্বরদী থানার পুলিশ জানায়, বাদশা ফকির গত শনিবার দুপুরে তাঁর ১৩ বছরের মেয়েকে পাবনার দাপুনিয়া ইউনিয়নের ৩০ বছর বয়সী এক যুবকের সঙ্গে বিয়ের দিনক্ষণ ঠিক করেন। খবর পেয়ে থানার ওসি বিমান কুমার দাশ পুলিশ নিয়ে এই বিয়ে বন্ধ করে দেন। পরে মেয়ের বাবা গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সাবালিকা না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।
কিন্তু রোববার বাদশা ফকির পাবনায় ছেলের বাড়িতে নিয়ে মেয়েকে বিয়ে দেন। বিষয়টি টের পেয়ে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শওকাত আলী ওই মেয়ের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং বাদশা ফকিরকে কারাদণ্ড দেন।