শিশু মোত্তাসিম হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড বহাল

জামালপুরে সাত বছরের শিশু মোত্তাসিম বিল্লাহ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অপর দুজনকে খালাস দেওয়া হয়েছে।
বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রায় দেন।
ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে দুই আসামির করা আপিলের ওপর শুনানি শেষে এ রায় দেওয়া হয়।
ওই মামলায় ২০১৫ সালের ১৮ জানুয়ারি বিচারিক আদালতের রায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পাঁচ আসামির মধ্যে মো. তোফায়েল ইসলাম ওরফে হীরা, মো. সোহেল রানা ওরফে শিপন ও মো. আনোয়ার হোসেনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। অপর দুজন লোকমান আলী ও আয়নাল হককে খালাস দেওয়া হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাবিনা আহমেদ মলি। আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফজুলল হক খান ফরিদ।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল প্রথম আলোকে বলেন, মৃত্যুদণ্ড বহাল থাকা তিন আসামি তোফায়েল ইসলাম, মো. সোহেল রানা ও মো. আনোয়ার হোসেন পলাতক। হাইকোর্টে খালাস পাওয়া অপর দুই আসামি লোকমান আলী ও আয়নাল হক কারাগারে রয়েছেন। খালাসের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে।
আইনজীবী সূত্র বলেছে, পারিবারিক বিরোধের সূত্র ধরে ২০০১ সালের ৩১ মে জামালপুর শহরের আমলাপাড়া এলাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী লুৎফর রহমানের সাত বছরের ছেলে মোত্তাসিম বিল্লাহকে হত্যা করা হয়। ওই দিন শিশুটির চাচাতো ভাই তোফায়েল ইসলাম হীরা তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়া এলাকায় মোত্তাসিম বিল্লাহকে মুখে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়। এক আসামির জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার ৮০ দিন পর নির্মাণাধীন একটি কক্ষের মেঝের ভেতর হতে শিশুটির পচা-গলা লাশের কঙ্কাল উদ্ধার করা হয়। ওই হত্যার ঘটনায় মোত্তাসিমের খালু তোফায়েলসহ কয়েকজন অজ্ঞাতনামা উল্লেখ করে ২০০১ সালের ১ জুন জামালপুর সদর থানায় মামলা করেন। এ মামলায় ২০১৫ সালের ১৮ জানুয়ারি বিচারিক আদালত রায় দেন। রায়ের পর ডেথরেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। কারাগারে থাকা আসামিরা আপিল করেন। এসবের ওপর শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।