শিশু মোসতাসীম হত্যার দায়ে ৫ জনের ফাঁসির আদেশ
জামালপুরে শিশু মোসতাসীম বিল্লাহকে (৭) হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়াহেদুজ্জামান শিকদার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন তোফায়েল ইসলাম ওরফে হীরা (৩৫), সোহেল রানা ওরফে শিপন (৩৬), মো. আনোয়ার হোসেন (৩৭), লোকমান আলী (৫৭) ও আইনুল হক (৫৫)। এর মধ্যে লোকমান আলী নিহত শিশুটির চাচা। মামলার অপর আসামি ফারুক আহমেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে।
ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মধ্যে তোফায়েল, সোহেল ও আনোয়ার উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। এরপর থেকে তাঁরা পলাতক। আজ তাঁদের অনুপস্থিতেই এ রায় ঘোষণা করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০১ সালের ৩১ মে মামলার প্রধান আসামি তোফায়েল তাঁর চাচাতো ভাই শহরের আমলাপাড়ার বাসা থেকে শিশু মোসতাসীমকে জুস খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যান। পরে তাকে মোটরসাইকেলে করে জামালপুর সদর উপজেলার নান্দিনা পূর্ব বাজার এলাকায় আনোয়ার হোসেনের বাসায় নিয়ে যান। সেখানে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করেন। পরে শিশুটির লাশ কাপড়ের ব্যাগে ভরে একটি নির্মাণাধীন ঘরের মেজেতে গর্ত করে পুঁতে রাখেন। এ ঘটনায় নিহত মোসতাসীমের খালু মো. আশরাফ হোসেন বাদী হয়ে ঘটনার পর দিন সদর থানায় একটি মামলা করেন।
ঘটনার ৮০ দিন পর পুলিশ প্রথমে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মোসতাসীমের কঙ্কাল উদ্ধার করা হয়।
তদন্ত শেষে তোফায়েল ছাড়াও তাঁর বাবা লোকমান আলী, ভাই ফারুক আহমেদ, বন্ধু সোহেল ও আনোয়ার এবং বাবার (লোকমান আলী) বন্ধু আইনুল হকের বিরুদ্ধে ওই হত্যা মামলায় অভিযোগ গঠন করা হয়।