শিশু যক্ষ্মা রোগী শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ
শিশু যক্ষ্মা রোগী শনাক্ত এবং তাদের চিকিৎসার জন্য বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম, ইউএসএইড/টিবি কেয়ার-২ একসঙ্গে কাজ করবে। তারা ন্যাশনাল টিবি গাইডলাইন তৈরি, প্রচারপত্র, পোস্টার, বিলবোর্ডের মাধ্যমে সচেতনতা তৈরিসহ আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
এই লক্ষ্যে গত বছরের নভেম্বর থেকে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা বিভাগের ১৭ জেলা ও ১২২ উপজেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়েছে। ২ জুলাই এ প্রশিক্ষণ শেষ হয়।
গতকাল সোমবার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে বড়দের যক্ষ্মা রোগের চিকিৎসাসেবার সাফল্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। কিন্তু এর মধ্যে শিশু যক্ষ্মা শনাক্তকরণের হার ৩%। শিশু যক্ষ্ম রোগ বিশ্লেষণে দেখা গেছে, এই শনাক্তকৃত বড় অংশই শহরকেন্দ্রিক হাসপাতাল অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে শনাক্ত হচ্ছে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এই হার কম। বিজ্ঞপ্তি।