শিশু যা হতে চায় তা-ই হতে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন শিশু বড় হয়ে যা হতে চায়, তাকে তা-ই হতে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেছেন, বাবা-মায়ের প্রত্যাশা পূরণে শিশুদের ওপর চাপ সৃষ্টি করা উচিত নয়।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ব্রাইটার টুমরো আয়োজিত ‘শিশুদের স্বপ্নের পৃথিবী’ শীর্ষক অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক গোলাম রহমান বলেন, ‘আজকে ইন্টারনেট, ল্যাপটপ, স্মার্টফোন এসব প্রযুক্তি কিন্তু আমাদের জীবনকে একটা নতুন জগতে নিয়ে গেছে। এটা যে প্রযুক্তির প্রভাব, তা অস্বীকার করা যাবে না। ছেলেমেয়েদের ল্যাপটপ, মোবাইল দিতে হবে, উপায় নেই। কিন্তু ল্যাপটপ-মোবাইল ফোনে তারা কী করছে, এ ব্যাপারে নজর রাখতে হবে।’
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ বলেন, শিশুরা চায় একটি পরিবার, শিশুরা চায় বন্ধুত্ব, শিশুরা চায় সবার ভালোবাসা। শিশুকে নিঃসঙ্গ করা যাবে না। শিশুর নিঃসঙ্গতা কাটানোর জন্য বন্ধু তৈরি করার সুযোগ দিতে হবে। অভিভাবকদের উদ্দেশে চিকিৎসক হেলাল বলেন, ‘আপনারা এমন রুটিন তৈরি করবেন না, যেখানে মা বলবেন—সকাল সাতটায় ওঠো, ব্রাশ করো, আটটায় স্কুলে যাও, একটায় বাসায় ফেরো, দুইটায় হুজুরের কাছে পড়তে যাও, তিনটায় আরবি পড়ো, চারটায় সাঁতার কাটো, পাঁচটায় নামাজ আদায় করো, ছয়টায় বাসার শিক্ষকের কাছে পড়ো, সাতটায় আমার কাছে পড়ো, ১০টায় ঘুমাতে যাও।’
এভারেস্ট বিজয়ী প্রথম নারী নিশাত মজুমদার বলেন, শিশু যা হতে চায়, তাকে তা-ই হতে দিতে হবে। আজকের শিশুরা বিভিন্নভাবে বিষণ্নতায় ভুগছে। তিনি বলেন, ‘শুধু বলা হচ্ছে, তুমি পড়ো আর পড়ো। স্কুলে প্রথম হতে হবে, দ্বিতীয় হতে হবে। শিশুরা ইঁদুর দৌড়ের মধ্যে আছে। এ জন্য ওদের মন ভালো থাকে না।’ নিশাত মজুমদার বলেন, ‘অভিভাবকদের প্রতি আমার দাবি বা অনুরোধ থাকবে, আপনারা আপনাদের শিশুদের মনের কথাটা বোঝার চেষ্টা করুন। তারা কী চায়, তারা আসলে কী হতে চায়, তারা কী স্বপ্ন দেখে, তারা নিজেদের কোথায় দেখতে চায়, সেটাই গুরুত্বপূর্ণ।