শিশু রবিউল হত্যা মামলার রায় ২৬ মে
বরগুনার তালতলী উপজেলায় মাছ চুরির অপবাদ দিয়ে ১১ বছরের শিশু রবিউলকে হত্যার ঘটনায় করা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। ২৬ মে এই মামলার রায় ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মাদ আবু তাহের রায়ের এই দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপনের পর আজ বৃহস্পতিবার দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মাদ আবু তাহের রায় ঘোষণার দিন ধার্য করেন। আলোচিত এই মামলায় ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে মামলার বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আক্তারুজ্জামান বাহাদুর বলেন, ‘শিশু রবিউলকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার সাক্ষ্য–প্রমাণ আমরা আদালতের কাছে যথাযথভাবে উপস্থাপন করেছি। আমরা আশাবাদী, রবিউল হত্যার প্রধান আসামি মিরাজের সর্বোচ্চ শাস্তি হবে।’
২০১৫ সালের ৩ আগস্ট রাতে মাছ চুরির অপবাদ দিয়ে বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া গ্রামের দুলাল মৃধার ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রবিউলকে পিটিয়ে হত্যার পর তার লাশ খালে ফেলে রাখা হয়। পরের দিন তালতলী থানার পুলিশ ওই খাল থেকে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: