শিশু রাকিব হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ
খুলনায় শিশু রাকিব (১২) হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানার কাছে আজ রোববার তিনজন সাক্ষ্য দেন। এই নিয়ে মোট ৪০ সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্য নিয়ে মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী বুধবার (২৮ অক্টোবর) শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, আজ বেলা পৌনে একটা থেকে পৌনে তিনটা পর্যন্ত তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এই সাক্ষীরা হলেন, মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহম্মদ, রাকিবের ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুতকারী খুলনা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ওয়াহিদ মাহমুদ রবিন ও গুড হেলথ ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোলদার। শুনানির পরবর্তী তারিখে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের তাঁদের জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ পড়ে শোনানো হবে এবং তাদের কিছু বলার আছে কি-না বা সাফাই সাক্ষী দেবেন কি-না জিজ্ঞাসা করা হবে।
বাদী পক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনে ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আজ আরও তিনজনের সাক্ষ্য নিয়ে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন প্রস্তুতকারী ওয়াহিদ মাহমুদ রবিন আদালতকে বলেন, ‘রাকিবের মলদ্বার দিয়ে অতিরিক্ত হাওয়া ঢোকানোর ফলে তার মলদ্বার ফেটে রক্তাক্ত হয়। বাতাসের প্রচণ্ড চাপে পেটের নাড়ি, মলদ্বার ও প্রস্রাবের থলে ফেটে যায় এবং ফুসফুস চুপসে যায়। দুই হাতের ১০টি আঙুল ও কবজি এবং দুই পায়ের গোড়ালিতে রক্ত জমাট বেঁধে যায়। পেটের মধ্যে মলদ্বার থেকে গলা পর্যন্ত রক্ত ছড়িয়ে পড়ে।’
মামলার তদন্ত কর্মকর্তা কাজী মোস্তাক আহম্মদ আদালতকে বলেন, ‘আসামিরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও শুধু কাজ ছেড়ে দেওয়ার অপরাধে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কমপ্রেসর মেশিন দিয়ে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে রাকিবকে মেরে ফেলে অপরাধ জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের মানুষ এটিকে শতাব্দীর নৃশংস হত্যাকাণ্ড হিসেবে ঘৃণাভরে মনে রাখবে।’
মামলার তিন আসামি শরীফ মোটরসের মালিক মো. শরীফ, মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমের বিরুদ্ধে ৫ অক্টোবর শুনানি শেষে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়। এজাহারভুক্ত এই তিন আসামিই ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনজনই বর্তমানে কারাবন্দী।
খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামের মোটরসাইকেলের এক গ্যারেজে ৩ আগস্ট নির্যাতন করে রাকিবকে হত্যা করা হয়। ওই দিন বিকেলে মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়ার কাজে ব্যবহৃত কমপ্রেসর মেশিনের নল ঢুকিয়ে তার মলদ্বার দিয়ে বাতাস ঢোকালে রাকিব গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং ওই দিন রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরের টুটপাড়া কবরখানার পাশের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটরসের মালিক শরীফ, তাঁর সহযোগী মিন্টু এবং শরীফের মা বিউটি বেগমকে ক্ষুব্ধ জনতা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার পরদিন রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।