শিশু রাকিব হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার আলোচিত শিশুশ্রমিক রাকিব হত্যা মামলায় আজ রোববার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। মামলার পরবর্তী তারিখ ২২ সেপ্টেম্বর।

আজ রোববার সকালে শুনানি শেষে খুলনার মহানগর হাকিম আদালতের বিচারক ফারুক ইকবাল এই অভিযোগপত্র গ্রহণ করেন। এ অভিযোগপত্র গ্রহণের ফলে মামলাটির পরবর্তী কার্যক্রম জজ আদালতে অনুষ্ঠিত হবে। আগামী ২২ সেপ্টেম্বর মহানগর দায়রা জজ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে।

বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযোগপত্র নিয়ে বাদীর কোনো আপত্তি না থাকায় আজ সকাল সাড়ে ১০টার দিকে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।

রাকিব হত্যার ২২ দিনের মাথায় গত ২৫ আগস্ট খুলনা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহম্মদ। এতে তিনজনকে অভিযুক্ত এবং ৪০ জনকে সাক্ষী করা হয়েছে।

অভিযুক্তরা হলেন শরীফ মোটরসের মালিক মো. শরীফ, তাঁর সহযোগী মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগম। ইতিমধ্যে তিনজনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা বর্তমানে কারাগারে আছেন।

অভিযোগপত্র গ্রহণের শুনানির জন্য আজ তিন আসামিকে পুলিশভ্যানে করে আদালতে আনা হয়। এ সময় রাকিবের এলাকার লোকজন আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে আসামিদের ফাঁসির দাবিতে স্লোগান দেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাকিবকে (১২) মজুরি কম দেওয়া হতো। এ জন্য সে অন্য একটি গ্যারেজে কাজ নেওয়ায় ক্ষিপ্ত হয়ে নির্যাতন করে তাকে হত্যা করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে এতে বলা হয়, বাতাসের চাপে রাকিবের ফুসফুস চুপসে যায়। তার মলদ্বার থেকে গলা পর্যন্ত রক্ত ছড়িয়ে পড়ে। এ ছাড়া অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।

গত ৩ আগস্ট মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়ার কমপ্রেসর মেশিনের পাইপ পায়ুপথে ঢুকিয়ে হাওয়া দিয়ে রাকিবকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নগরের টুটপাড়ার মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটরসের মালিক শরীফ, তাঁর সহযোগী মিন্টু ও শরীফের মা বিউটি বেগমকে ক্ষুব্ধ জনতা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার পরদিন ওই তিনজনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা হয়।